রাজধানীর কারওয়ান বাজারের পর গতকাল শনিবার খিলগাঁও রেলক্রসিং থেকে মালিবাগ পর্যন্ত রেললাইনের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। তবে কয়েকটি স্থানে দোকান উচ্ছেদের পর তা আবার স্থাপন করে চলছে বেচাকেনা।
খিলগাঁও রেলক্রসিং থেকে মালিবাগ পর্যন্ত রেললাইনের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। গতকাল সকাল নয়টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত সেখানে চলে উচ্ছেদ অভিযান। রেললাইনের দুই পাশের এসব দোকানপাট মূলত বাঁশ ও বেড়া দিয়ে তৈরি, সংখ্যা প্রায় দুই হাজার। এ ছাড়া রয়েছে মাছ আর সবজির বাজার। এখানে কয়েক হাজার বস্তিঘর থাকলেও অভিযানের সময় কয়েকটি উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেয় রেলওয়ে পুলিশ ও কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার মাছের আড়তসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। এরপর কর্তৃপক্ষ ওই রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে।
গতকাল সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে খিলগাঁও রেলক্রসিংসংলগ্ন দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অথচ বিকেল সাড়ে পাঁচটার দিকে গিয়ে দেখা যায়, উচ্ছেদ করা দোকানপাট আবারও মেরামত করে আগের মতোই চলছে বেচাকেনা। একই দৃশ্য দেখা যায়, মালিবাগ রেলক্রসিংসংলগ্ন এলাকায়। এখানে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজার বেলা পৌনে একটার দিকে উচ্ছেদ করেন অভিযান পরিচালনাকারীরা। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে দেখা যায়, আগের মতোই কাঁচাবাজার বসিয়ে হরদম চলছে বেচাকেনা।
দেখা গেছে, অভিযানকারীরা চলে যাওয়ার পর রেললাইনের পাশে স্তূপাকারে পড়ে থাকা দোকানপাটের ভাঙা অংশ সরিয়ে রাখছিলেন মালিকেরা। কেউ কেউ অভিযানের বিরুদ্ধে বিষোদ্গার করেন। আবার উচ্ছেদ করা কিছু বস্তিঘর মেরামত করছিলেন কয়েকজন।
মালিবাগ রেলক্রসিংসংলগ্ন অংশে উচ্ছেদ করা দোকানের পাশে মাথায় হাত দিয়ে বসে ছিলেন মইনুদ্দিন। বেলা দেড়টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘চার বছর ধরে দোকানে রুটি বিক্রি করতাছি।’ রেললাইনের পাশে এভাবে ব্যবসা করা তো ঝুঁকিপূর্ণ—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী করব। সরকারি জায়গা, সবাই করে, তাই আমিও করি।’
খিলগাঁও রেলক্রসিং থেকে মালিবাগের দিকে কিছু দূরে বেলা দুইটার দিকে কথা হয় মনজু নামের এক ব্যক্তির সঙ্গে। প্রায় রেললাইন ঘেঁষে তৈরি বস্তিঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। তাঁর ঘরের এক পাশ উচ্ছেদ করা হয়েছে। অভিযানকারীরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে তিনি আবার তা মেরামত করতে নেমেছেন। ছবি তুলতে গেলে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নারী ক্ষিপ্ত হয়ে ছুটে এসে বললেন, ‘ছবি তুলবেন না।’ উচ্ছেদ করে দিয়েছে, আবার মেরামত করছেন কেন? এমন প্রশ্নের জবাবে মনজু বলেন, ‘থাকার তো জায়গা নাই।’
উচ্ছেদ করা ঘরের চালা ও বেড়া তার-রশি দিয়ে আবারও আগের জায়গায় স্থাপন করছিলেন রিকশাচালক আবদুল জলিল। তারও ঘরের এক পাশ উচ্ছেদ করা হয়েছে। ছবি তুলতে গেলে তিনিও ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলেন, ‘ছবি তুইলা কি পুরাই উচ্ছেদ কইরা দেবেন?’
যোগাযোগ করা হলে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করেছি। আর যাদের বস্তিঘর আছে, তাদের নিরাপত্তার স্বার্থে চলে যেতে বলেছি। হয়তো কেউ কেউ অভিযানের সময় ভয়ে নিজে নিজেই তা উচ্ছেদ করে পরে আবার মেরামত করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’