অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনের অংশ l ছবি: প্রথম আলো 

.
.

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশে থাকা দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) খালিদ পারভেজ খানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
৩ মার্চ ‘বাহাদুর শাহ পার্ক থেকে লক্ষ্মীবাজার: সড়কে অবৈধ দোকানপাট’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব দোকানপাট থেকে ক্ষমতাসীন দল ও তার অংগসংগঠনের স্থানীয় কিছু নেতা-কর্মী এবং পুলিশ সদস্য চাঁদা তুলতেন বলে অভিযোগ ছিল। এলাকাটি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজ, বাহাদুর শাহ পার্ক, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে (স্থায়ী ও অস্থায়ী) কোনো দোকানপাটই নেই। পরিচ্ছন্ন ফুটপাত দিয়ে চলাচল করছেন পথচারীরা। কলতাবাজারে সিটি করপোরেশন মার্কেটের দক্ষিণ পাশের ফুটপাতে পড়ে আছে একটি ভাঙাচোরা টং দোকান। আট-দশটি টং দোকান রাখা আছে ঢাকা মহানগর মহিলা কলেজের পশ্চিম পাশের একটি গলিতে। স্থানীয় লোকজন জানান, উচ্ছেদের সময় এসব দোকান তড়িঘড়ি করে এই গলিতে এনে রেখেছেন দোকানিরা।
কলতাবাজারের বাসিন্দা মোহাম্মদ রুবেল বলেন, বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা দেড় লক্ষাধিক। ফুটপাত জুড়ে দোকানপাটের কারণে এসব শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। দখলকারীরা উচ্ছেদ করার পর আবার যেন ফুটপাতে বসতে না পারেন, সে ব্যবস্থা নিতে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের স্বাক্ষরসংবলিত একটি আবেদন আগামী রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হবে।
ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীবাজার এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের পুরো ফুটপাত দখলমুক্ত করেছে ডিএসসিসি।