
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে দোকানপাট। পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে গড়ে তোলা এসব দোকানপাট দ্রুত উচ্ছেদ করা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সোনারগাঁ নাগরিক কমিটি ও একটি পরিবেশবাদী সংগঠন।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১৫০ বিঘা আয়তনের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে দুই মাস ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি উদ্যোগী হয়ে কাঠ ও টিন দিয়ে স্থায়ীভাবে খাবার ও কারুপণ্যের দোকান বসিয়েছেন। যত্রতত্র এসব দোকান গড়ে তোলায় একদিকে যেমন ফাউন্ডেশনের সৌন্দর্যহানি হচ্ছে, অন্যদিকে ময়লা-আবর্জনার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চারদিকে গাছপালায় পরিবেষ্টিত ফাউন্ডেশনের ভেতরে বিভিন্ন জায়গায় গড়ে তোলা দোকানে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এসব ব্যবসার কারণে ময়লা-আবর্জনায় ভরে গেছে ফাউন্ডেশনের ভেতরের খাল ও মাঠ।
নাম প্রকাশ না করার শর্তে ফাউন্ডেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই ফাউন্ডেশনের পরিচালক আর্থিক সুবিধা নিয়ে তাঁর নিজস্ব লোকজনকে এসব দোকানপাট নির্মাণ করার অনুমতি দিয়েছেন। একটি দোকানের এক কর্মচারী বলেন, পরিচালকের নির্দেশে টাকার বিনিময়ে তাঁরা এখানে ব্যবসা করছেন।
জানতে চাইলে ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ‘ফাউন্ডেশনের ভেতরে দোকান নির্মাণ করার জন্য আমি অনুমতি দিয়েছি এ কথা সত্য। তবে তাঁদের কাছ থেকে মাসিক ভাড়া আদায় করা হচ্ছে। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই।’ এ ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল জানান, এসব দোকানপাট উচ্ছেদ করা না হলে তাঁরা পরিচালকের অপসারণের দাবিতে আন্দোলনে যাবেন।
পরিবেশবাদী সংগঠন দুর্জয়ের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাকে কীভাবে গলাটিপে হত্যা করা যায়, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বর্তমান পরিবেশ না দেখলে কেউ বিশ্বাস করবে না। এখন আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।’