অবৈধ দেয়াললিখন-পোস্টারের শাস্তি হবে কারা ও অর্থদণ্ড
আইন লঙ্ঘন করে দেয়াললিখন ও পোস্টার লাগালে কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত ‘দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) বিল, ২০১১’ সংসদে পাস হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আ শরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। গত ২৮ নভেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল।কোনো ব্যক্তি বা কোম্পানি বিধান লঙ্ঘন করে দেয়াললিখন বা পোস্টার লাগালে এই আইনে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বনিম্ন পাঁচ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে এই আইন লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী বিচার করা হবে। সুবিধাভোগীর ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেলে ফৌজদারি বিধি, ১৮৯৮ অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হবে। আইন লঙ্ঘনকারী কোম্পানির প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার কর্মকর্তা ও কর্মচারী এই অপরাধ সংঘটন করেছেন বলে ধরা হবে।আইনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ দেয়াললিখন বা পোস্টার লাগানোর জন্য স্থান নির্ধারণ করে দিতে পারবে। তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্ধারিত স্থানের বাইরে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে ফি দিয়ে দেয়াললিখন বা পোস্টার লাগানো যাবে।নির্বাচন কমিশন পরিচালিত জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের স্থানীয় নির্বাচনে দেয়াললিখন ও পোস্টার লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন এবং এ উদ্দেশ্যে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশনা প্রযোজ্য হবে। তবে অন্য কোনো নির্বাচনে সংশ্লিষ্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে অনুমোদিত স্থানে প্রচারণা-সংক্রান্ত দেয়াললিখন বা পোস্টার লাগাতে পারবে। পোস্টার বা দেয়াললিখন নির্বাচন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে তুলে বা মুছে ফেলতে হবে।বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, নির্বাচন কমিশনের বিধিমালায় দেয়াললিখন ও পোস্টার লাগানো নিষেধ। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা এই বিধিমালার আওতায় না থাকায় তারা পণ্য, সেবা বিপণনসহ নানা বাণিজ্যিক বিষয়ে যত্রতত্র পোস্টার লাগাচ্ছে। এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এবং পরিচ্ছন্নতার স্বার্থে এই আইনের প্রয়োজন।