অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর রোডের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের দক্ষিণ পাশে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে ​গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল ধানমন্ডি ছাড়াও শুক্রাবাদ ও কলাবাগানে এ অভিযান চালানো হয় l ছবি: প্রথম আলো
মিরপুর রোডের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের দক্ষিণ পাশে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে ​গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল ধানমন্ডি ছাড়াও শুক্রাবাদ ও কলাবাগানে এ অভিযান চালানো হয় l ছবি: প্রথম আলো

ধানমন্ডি, শুক্রাবাদ ও কলাবাগান এলাকায় সড়কের ফুটপাত থেকে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাতে দোকানের মালামাল রাখায় একটি দোকানকে জরিমানা করা হয়।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) শাহিনা খাতুন।
গতকাল সকাল ১০টায় মিরপুর সড়কের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় স্কুলের দক্ষিণ পাশে সড়কের ফুটপাতে থাকা ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় আরও প্রায় ২৫টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ১০ থেকে ১৫টি দোকানের মালামাল জব্দ করেন ডিএসসিসির কর্মীরা। বেলা ১১টার দিকে শুক্রাবাদ এলাকায় ফুটপাত দখল করে থাকা প্রায় ১০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় শুক্রাবাদে পদচারী-সেতুসংলগ্ন একটি রেস্টুরেন্টকে ফুটপাত দখল করে রাখার দায়ে জরিমানা করা হয়। পরে দুপুর ১২টার দিকে কলাবাগান এলাকায় আরও সাত থেকে আটটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পাঁচটি দোকানকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়। উচ্ছেদের খবর পেয়ে এই এলাকায় ফুটপাত দখল করে থাকা অধিকাংশ দোকান মালামাল নিয়ে আগেই সরে গেছে।
শাহিনা খাতুন প্রথম আলোকে বলেন, ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরিসহ ডিএসসিসির বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হবে।