অবৈধ নসিমন বাড়াচ্ছে দুর্ঘটনা দুই বছরে ৮১ জনের মৃত্যু
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাসিরুল হক সবে বিয়ে করেছেন। শাশুড়ির ইচ্ছে জামাইকে নিজ হাতে শীতের পিঠা তৈরি করে খাওয়াবেন। তাই ব্যস্ততার মধ্যেও স্ত্রী সেলিনাকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা হন নসিমনে করে। পথে ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে নাসিরুলের দুটি পা ভেঙে যায়, সেলিনা কোমরে আঘাত পান। নাসিরুলকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর ডান পা হাঁটু থেকে কেটে ফেলেন চিকিৎসকেরা। বাড়ির বিছানায় শুয়ে অসহায় নাসিরুল এখন পরিবারের কথা ভাবেন আর চোখের পানি ফেলেন। শুধু নাসিরুল নন, ঠাকুরগাঁওয়ে নসিমন-করিমনসহ বিভিন্ন নামের অবৈধ যানবাহনের দুর্ঘটনায় প্রতিদিন পঙ্গুত্ব বরণ করছে কেউ না-কেউ। অনেকেই মৃত্যুবরণও করছে। জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের সংখ্যা প্রায় দুই হাজার বলে একটি সূত্রে জানা গেছে।পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে, জেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২০০৯ সালে মারা গেছেন ৪২ জন এবং ২০১০ সালে ৩৯ জন। দুর্ঘটনার সংখ্যা ও আহতদের হিসাব পুলিশের খাতায় পাওয়া না গেলেও জেলার পাঁচটি হাসপাতালের তথ্যানুযায়ী, জেলার তিন হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন। ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ ও ভাউলারহাট এলাকায় গত শনিবার বেলা ১০টা থেকে একটা পর্যন্ত ঘুরে দেখা গেছে, ওই এলাকায় চলাচলকারী ৬৫টি মালবোঝাই ট্রাক্টর ও পাওয়ার টিলারের কোনোটিরই নিবন্ধন নেই। তবে গাড়ির গায়ে বড় বড় করে মুঠোফোনের নম্বর লেখা রয়েছে। নসিমনগুলো পুরোনো, ভাঙা ও নড়বড়ে। কোনো কোনো যানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মালামাল বহন করা হয়েছে। চালকদের কোনো লাইসেন্স নেই, এমনকি কোনো কোনো চালক অপ্রাপ্ত বয়সের।অনুমোদন ছাড়া কীভাবে এসব নসিমন চলছে জানতে চাইলে গড়েয়া সড়কের মিলনপুরের ট্রাক্টরচালক রবিউল ইসলাম বলেন, ‘চলছে একরকম ম্যানেজ করে। বেশি কড়াকড়ি হলে লুকিয়ে চলাচল করি।’ ব্যস্ত সড়কের মধ্যে দ্রুতগতিতে ট্রাক্টর চালানোর বিষয়ে ট্রাক্টরের চালক সাইফুল ইসলাম হেসে বলেন, ‘খদ্দেরের চাহিদা অনুযায়ী দূর থেকে মাটি টেনে আনতে হয়। কম সময়ের মধ্যে যত বেশি মাটি আনতে পারব ততই আমার লাভ। তাই একটু দ্রুত চালাতে হচ্ছে। এতে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে।’ রুট পারমিট ছাড়া রাস্তায় যান চলাচলের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ট্রাক্টরের এক চালক জানান, প্রতিমাসে তাদের প্রতিটি পাওয়ার টিলারের জন্য ১০০ টাকা, নসিমনে ২০০ টাকা ও ট্রাক্টরের জন্য ২০০ টাকা হারে পুলিশকে দিতে হয়। থানার লাইনম্যানরা এই টাকা আদায় করেন।ট্রাফিক পুলিশের সার্জন মমতাজুল ইসলাম জানান, নিয়মিতভাবেই রাস্তায় হানা দিয়ে এসব অবৈধ যানবাহন আটক করা হচ্ছে এবং মামলাও হচ্ছে। তবে মাসোহারা আদায়ের অভিযোগ তিনি অস্বীকার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, বিভিন্ন রাস্তায় অবৈধ যানবাহন চলছে এটা ঠিক। প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব যানবাহন আটকও করা হচ্ছে। তবে কৃষিপণ্য বহনকারী যানবাহনের ক্ষেত্রে একটু শিথিলতা রয়েছে। পুলিশের সামনে এসব যানবাহন অবাধে চলার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জনবল সংকটের কারণে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে।’