অবৈধ নিটিং-ডাইং কারখানা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বিজি বাংলাদেশ গার্মেন্টস কালেকশন লিমিটেড নামের একটি কারখানাকে ৪৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করে এটি বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়াই কারখানা স্থাপন ও তুরাগ নদ দূষণের অপরাধে গতকাল রোববার এই নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিজি বাংলাদেশ কারখানাটি সদর উপজেলার ভবানীপুর মৌজার বানিয়ারচালা এলাকায় অবস্থিত। ভাওয়াল এস্টেটের অন্তর্ভুক্ত ওই মৌজায় স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় চার বছর আগে কারখানাটি স্থাপন করেন তামান্না ফারুক। তিনি কারখানার ব্যবস্থাপনা পরিচালক। তামান্না বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের মেয়ে। স্থাপনের পর থেকে নিট ও ডাইংয়ের ওই কারখানাটি চলছে বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই।পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, ওই কারখানা থেকে এ পর্যন্ত প্রায় ১২ কোটি লিটার অপরিশোধিত তরল বর্জ্য তুরাগ নদে পড়েছে। তরল বর্জ্য তাৎক্ষণিক পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় শূন্য দশমিক ২৬ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা ৪.৫ থেকে ৬.০ মিলিগ্রাম/লিটার)। এ মাত্রা জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী গতকাল ওই কারখানায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধের নির্দেশ দেন। কারখানার পরিচালক (অপারেশন) আসাদুজ্জামান জরিমানার ২০ লাখ টাকা নগদ পরিশোধ করে বাকি টাকা পরিশোধের সময় চেয়েছেন।মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ভবানীপুরের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ এলাকায় তিন একরের বেশি জমিতে কারখানাটি স্থাপন করা হয়েছে। ইটিপি ছাড়া কারখানাটি চালানো হয়েছে প্রায় চার বছর। অবাধে নদী দূষণ করেছে। এ ধরনের ধ্বংসাত্মক শিল্পায়ন দেশের জন্য বিপর্যয়কর।