অবৈধ নিয়োগ পাওয়া দুই প্রার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে ফুয়েল চেকার পদে দুর্নীতি মামলার দুই আসামি আত্মসমপর্ণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন আবুল কাশেম ও আনিসুর রহমান।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুদক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘রেলের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলার দুই আসামি আবুল কাশেম ও আনিসুর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবদেন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
পিপি আরও বলেন, দুই আসামি ফেল করলেও ঘুষ নিয়ে তাঁদের অবৈধ নিয়োগ দেওয়া হয়। তাই তাঁদের মামলার আাাসমি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়াসহ পাঁচজন এ মামলার আসামি।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক। গত ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে এ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।