‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা দুষলেন উপাচার্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে সবকিছুতে বর্তমান রুটিন দায়িত্ব পালনকারী উপাচার্য আনন্দ কুমার সাহার দোষ রয়েছে বলে জানালেন ‘অবৈধ’ নিয়োগ পাওয়া নিয়োগপ্রাপ্তদের একাংশ। এ ছাড়া বর্তমান উপাচার্যের বিরুদ্ধে ৭৩-এর অ্যাক্ট লঙ্ঘনেরও অভিযোগ তুলেছেন তাঁরা।

আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টের পাশে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মাসুদ। এ সময় নিয়োগপ্রাপ্তদের কয়েকজন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিদায়ী উপাচার্য আবদুস সোবহান ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী তাঁর ক্ষমতাবলে শূন্য পদের বিপরীতে ১৩৮ জন জনবল নিয়োগ দেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা নিয়োগপত্র হাতে পান। কিন্তু সাবেক উপাচার্যের মেয়াদ শেষ হলে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা তাঁদের যোগদানকে অবৈধ আখ্যা দেওয়ার চেষ্টা করে নানা অজুহাতে তাঁদের কর্মস্থলে যোগদান থেকে বিরত রেখেছেন। রুটিন উপাচার্য গত ২৪ মে এ–সংক্রান্ত একটি প্রতিবেদনও পাঠিয়েছেন বলে তাঁরা দাবি করেন।

গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পুলিশের সহায়তা চাওয়ার বিষয়ে আবদুল্লাহ আল মাসুদ বলেন, বৃহস্পতিবার গণমাধ্যমে নিজের অক্ষমতার কথা প্রকাশ করেছেন উপাচার্য আনন্দ কুমার সাহা। সেই সঙ্গে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এটা তাঁর নীলনকশা বাস্তবায়নের আরেক ধাপ।

নিয়োগপ্রাপ্তদের একাংশ বলেন, রুটিন উপাচার্য শঙ্কায় নয়, তাঁরা শঙ্কায় রয়েছেন। কর্মস্থলে যোগদানের লক্ষ্যে লাগাতার আন্দোলন করছেন তাঁরা। এই আন্দোলন নস্যাৎ করতে রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন উপাচার্য এবং তাঁদের (রাজনৈতিকদের) গুন্ডাবাহিনী দিয়ে ইতিমধ্যে তাঁদের আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক ফারদিনকে হত্যার চেষ্টা করেছেন। তাঁরা প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন। এর দায়ভার রুটিন উপাচার্যকে নিতে হবে।

তাঁরা বলেন, ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য অ্যাডহকে নিয়োগ দিতে পারেন, তবে নিয়োগ দেওয়ার পর কাছাকাছি কোনো সিন্ডিকেটে রিপোর্ট করতে হয়। তাঁরা জানতে পেরেছেন, সিন্ডিকেটে তাঁদের বিষয়ে কোনো অ্যাজেন্ডা উঠবে না। সিন্ডিকেটে অ্যাজেন্ডা না উঠলে তাঁদের নিয়োগ বাতিল হয়ে যাবে, এই শঙ্কায় তাঁরা সিন্ডিকেট হতে দিচ্ছেন না।

রাবির শিক্ষক নিয়োগ নীতিমালা নিয়ে তাঁরা বলেন, রাবিতে শিক্ষক নিয়োগে বর্তমান যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা প্রণয়নের সাত সদস্যের কমিটির সভাপতি ছিলেন বর্তমান রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। সদ্য নিয়োগপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে ৯ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁর সুপারিশের সেই নীতিমালায়।

পরবর্তী আন্দোলনের বিষয়ে তাঁরা বলেন, কাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি ছিল, সেটা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিন্ডিকেট সভা করতে দেবেন না তাঁরা।

এ বিষয়ে উপাচার্য আনন্দ কুমার সাহা প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা বলা হয়েছে, কিন্তু অফিশিয়ালি মন্ত্রণালয়ে তিনি এ ধরনের কোনো চিঠি পাঠাননি। তাঁরা তাঁকে অনেক বিষয়ে দোষারোপ করেছেন, এটা তাঁদের বিষয়। তবে তিনি শুরু থেকেই বলছেন, শিক্ষা মন্ত্রণালয় বাদে তাঁর একার পক্ষে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিষয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এর একমাত্র সমাধান দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দোষারোপ করলে তাঁর কিছুই করার নেই।
উপাচার্য আনন্দ কুমার সাহা আরও বলেন, তাঁরা অভিযোগ তুলেছেন, তিনি নাকি আন্দোলন নস্যাৎ করতে নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং নেতাদের গুন্ডাবাহিনী তাঁদের একজনকে হত্যার চেষ্টা করেছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নন। এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে গত ৬ মে উপাচার্য এম আবদুস সোবহান তাঁর কর্মদিবসের শেষ দিনে ১৩৮ জনকে অবৈধভাবে নিয়োগপত্র দিয়ে পুলিশি পাহারায ক্যাম্পাস ত্যাগ করেন। সেই দিন বিকেলেই এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এই নিয়োগে তদন্ত কমিটি বিদায়ী উপাচার্যসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।