অবৈধ নৌযানে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-লক্ষ্মীপুর নৌপথে প্রতিদিন অবৈধ ট্রলারে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করে। ছবিটি ইলিশা ঘাট এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো
ভোলা-লক্ষ্মীপুর নৌপথে প্রতিদিন অবৈধ ট্রলারে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করে। ছবিটি ইলিশা ঘাট এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো

ভোলা-লক্ষ্মীপুর নৌপথে প্রয়োজনের তুলনায় ফেরি ও সি-ট্রাক কম। ঈদ ঘিরে এ পথে যাত্রী বাড়ায় সংকট প্রকট হয়েছে। ঈদের ছুটির পর কর্মস্থলমুখী যাত্রীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার ও স্পিডবোটে পার হচ্ছেন। এ ছাড়া তাঁদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগর মোহনার পথগুলোতে আট মাস (১৫ মার্চ-১৫ অক্টোবর) সি-সার্ভে সনদধারী (সমুদ্রে চলাচল উপযোগী যান) নৌযান ছাড়া ট্রলার ও ছোট লঞ্চ চলাচল নিষিদ্ধ। ভাঙনের কারণে ফেরিঘাট সরিয়ে নেওয়ার পর ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট পথে সি-ট্রাক ও লঞ্চে যাত্রী বেড়েছে। এ পথে বর্তমানে দুটি সি-ট্রাক ও দুটি লঞ্চ চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ইলিশা-ভেদুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে সাধারণ সময়ে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী কিছুটা বাড়ে। তবে ঈদ ঘিরে এ পথে যাত্রী কয়েক গুণ বেড়েছে। ফেরি ও সি-ট্রাক সংকটে যাত্রীরা অবৈধ নৌযানে পারাপার হচ্ছেন। ভোলা-চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতি, যানবাহন চালকদের সূত্রে জানা যায়, ২০১৫ সালের মার্চে ভোলা-লক্ষ্মীপুর পথের ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটটি ভেঙে যায়। অস্থায়ী ভিত্তিতে ফেরিঘাটটি উপজেলার ভেদুরিয়ায় সরিয়ে নেওয়া হয়। ফেরিগুলো ভেদুরিয়া-ইলিশা-মজুচৌধুরীরহাট পথে ৪৩ কিলোমিটার ঘুরে চলাচল করছে। এ পথে চারটি ফেরির স্থলে চলছে কিষানী ও কনকচাঁপা নামের দুটি ফেরি। ফেরিতে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি গাড়িতে ৫০০ থেকে ২ হাজার টাকা বেশি দিতে হয়। ফেরি নির্ধারিত সময় মেনে চলাচল করছে না। এ জন্য যাত্রীরা সি-ট্রাক, লঞ্চ ও ট্রলারে পার হচ্ছেন। এতে বাসমালিক ও ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। অবশ্য আবু আলম হাওলাদার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, জোয়ার-ভাটার কারণে সব সময় নির্ধারিত সময়ে ফেরি চালানো সম্ভব হয় না।
গত শুক্র ও গতকাল শনিবার ভোলার ইলিশা জংশন সি-ট্রাক ঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১০টার পরে কোনো বৈধ নৌযান নেই। ভোলা-লক্ষ্মীপুর পথে ট্রলার-স্পিডবোটে শত শত যাত্রী যাতায়াত করছেন। উত্তাল ঢেউয়ের মধ্যে কখনো রোদ আবার কখনো বৃষ্টিতে নাকাল হচ্ছেন যাত্রীরা।
চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জের বাসিন্দা লুৎফুর রহমান ইলিশা ঘাটে ট্রলারে বসে অপেক্ষা করছেন। তিনি বলেন, রোববার (আজ) কর্মস্থলে যোগ দিতে হবে। তাই বাধ্য হয়ে যাওয়া। অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেন।
ভোলা-চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির আহ্বায়ক আবু মিয়া ও ভোলা স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ অপু বলেন, এক বছর ধরে তাঁরা এ পথে ফেরি বাড়ানো ও স্থায়ী ফেরিঘাট নির্মাণের দাবি করে আসছেন। এসটি খিজির-৫ ও ৮ সি-ট্রাকের ইজারাদার বশির আহমেদ বলেন, বিআইডব্লিউটিসির অনুমোদন ছাড়া তাঁরা বাড়তি ট্রিপ দিতে পারেন না। ইলিশা-মজুচৌধুরীরহাট ঘাটের অবৈধ ট্রলার চলাচল বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ট্রলারমালিকেরা যাত্রীদের টেনেহিঁচড়ে সি-ট্রাক ও লঞ্চ থেকে নামিয়ে দিচ্ছেন। এদের আশ্রয় দেন ঘাটের ইজারাদার। এ অভিযোগ অস্বীকার করে ইলিশা ঘাটের ইজারাদার মো. ফারুক বেপারি বলেন, যাত্রীরা সি-ট্রাক ও লঞ্চ না পেয়ে ট্রলারে উঠছেন। এতে তাঁরা দ্রুত নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছেন।
লক্ষ্মীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ভোলা সদরের ইউএনও কাজী তোফায়েল হোসেন বলেন, যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য সতর্ক দৃষ্টি রয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। লঞ্চ ও সি-ট্রাকগুলো যদি বাড়তি ট্রিপ দিতে চায় তাহলে আবেদন করতে হবে।