প্রায় ১১ বছর আগে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধ করার সুপারিশ করেছিল জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি। একই সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রীর নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু এই সুপারিশ কাগজেই থেকে গেছে। তদারকিও চলছে নামমাত্র। গত এক বছরে নৌপরিবহন অধিদপ্তর অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মাত্র একবার।
২০০৬ সালে ৮ জুন এমভি ইমরুল কায়েস নামে একটি পণ্যবাহী নৌযান ডুবে ১৫ জনের প্রাণহানি হলে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটি চারটি সুপারিশ করে। এর মধ্যে বেশি জোর দেওয়া হয় অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধ করার ওপর। কিন্তু কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি। ২ এপ্রিল গুপ্তছড়া ঘাটে যে নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি ঘটেছে, সেটিও ছিল অনুমোদনহীন। ছিল না যাত্রীদের নিরাপত্তা সরঞ্জামও।
নৌবাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন, ডুবে যাওয়া নৌযানটির কোনো নিবন্ধন দেওয়া হয়নি। সাগরে যাত্রী পরিবহনের জন্য এমনিতেই এসব নৌকার নিবন্ধন দেওয়া হয় না।
সন্দ্বীপে নিরাপদ যাতায়াতের দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘আমরা সন্দ্বীপবাসী’-এর সমন্বয়ক রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যঁাদের এসব সুপারিশ বাস্তবায়ন করার কথা, তঁাদের নির্লিপ্ততার কারণে এসব সুপারিশ বাস্তবায়ন হয়নি। অবৈধ নৌযান বন্ধ করতে যদি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতেন তাহলেও যাত্রীদের কিছুটা হলেও সুরক্ষা হতো। অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধ না হলে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে যাত্রীদের।
নথিপত্র অনুযায়ী, এই নৌপথে নিবন্ধনবিহীন নৌযানে যাতে যাত্রী পারাপার করতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) থেকে গত ২৪ জুলাই নৌপরিবহন অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়ার ছয় মাস পর গত ২৪ জানুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কুমিরা ঘাটে অভিযান চালিয়ে ছয়টি স্পিডবোট ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌযানের মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। গত এক বছরের মধ্যে এটিই একমাত্র অভিযান।
যোগাযোগ করা হলে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ওই অভিযানে তিনটি স্পিডবোটের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ পাওয়া যায়নি। ওই অভিযানে নিবন্ধনহীন ও নিবন্ধনযুক্ত সব কটি নৌযানকে নানা অপরাধে জরিমানা করা হয়েছিল। এখন আবারও অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
যাত্রীদের অভিযোগ, ওই সময় অভিযানের পর একদিন পর্যন্ত নিবন্ধনহীন নৌযান চলাচল বন্ধ থাকে। এরপর আবার শুরু হয়। কোনো উপায় না দেখে যাত্রীরাও এসব নৌযানে চড়ে যাতায়াত করে। প্রায় চার লাখ জনসংখ্যার দ্বীপ সন্দ্বীপে প্রতিদিন ঝুঁকিপূর্ণ নৌযানে যাতায়াত করছে পাঁচ হাজারেরও বেশি যাত্রী।
‘আমরা সন্দ্বীপবাসী’ সংগঠনের কর্মকর্তারা জানান, এখন সন্দ্বীপ আসা-যাওয়ার জেলা পরিষদের ঘাট রয়েছে সাতটি। এর মধ্যে কুমিরা-গুপ্তছড়া রুটেই যাত্রী পারাপার হয় বেশি। যাত্রী পারাপার হয় একটি সি–ট্রাক, কিছু স্পিডবোট ও ইঞ্জিনচালিত কাঠের নৌকায়। প্রতিদিন কমপক্ষে দেড় হাজার লোক সন্দ্বীপ আসা-যাওয়ার করে এই রুটে। এ ছাড়া বিআইডব্লিউটিসির জাহাজ সদরঘাট-গুপ্তছড়া রুটে গত ডিসেম্বর পর্যন্ত যাত্রী পারাপার করে। কিন্তু যাত্রী না পাওয়ায় ওই রুটটি এখন বন্ধ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ২ এপ্রিল দুর্ঘটনায় পড়া যাত্রীরা ছিল সি–ট্রাকের। ওই দিন সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাট থেকে যাত্রীরা প্রথমে সি–ট্রাকে ওঠে। ঘাট থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের অদূরে সি–ট্রাকটি পৌঁছায়। ওই সময় সি–ট্রাক তীরে ভিড়তে না পারায় তীরে যাত্রী পারাপার করা হয় ইঞ্জিনচালিত লাল নৌকা (জাহাজের লাইট বোট) দিয়ে। ওই সন্ধ্যায় সি–ট্রাক থেকে নেমে যাত্রীরা নৌকায় রওনা দেওয়ার কিছু পরেই প্রবল বাতাসে তা উল্টে যায়। নৌকাটিতে সি–ট্রাকের আনুমানিক ৫৫ জন যাত্রী ছিল। ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ৩০ জনকে উদ্ধার করেন।
এদিকে ২০০৬ সালের দুর্ঘটনার পর তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটি ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে চারটি প্রধান সুপারিশ করে। এসব সুপারিশের মধ্যে রয়েছে অনুমোদন এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযান চলাচল বন্ধ করা, কুমিরা-গুপ্তছড়া নৌপথে ‘স্টিমার সার্ভিস’ চালু করা, ইঞ্জিনচালিত ছোট নৌকা ও পণ্যবাহী নৌযানে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ করা এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
বিআইডব্লিউটিসি ওই নৌপথে জাহাজ চালু করার কথা থাকলেও তা হয়নি। ফলে যাত্রীদের বিকল্প না থাকায় তারা ঝুঁকিপূর্ণ নৌযানে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল মজুমদার বলেন, কুমিরা-গুপ্তছড়া রুটে এখন একটি সি-ট্রাক ভাড়া দিয়ে চালানো হচ্ছে। তবে কুমিরা-গুপ্তছড়া রুটে চলাচলের জন্য ৫০০ যাত্রী ধারণক্ষমতার একটি জাহাজ নির্মাণাধীন রয়েছে। এটি যুক্ত হলে যাত্রীরা নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন।