অবৈধ পথে আসছে ভারতীয় শাড়ি, গয়না
ঈদ উপলক্ষে দিনাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণে শাড়ি, থ্রি-পিস, ইমিটেশনের তৈরি গয়না, চকলেট, ক্রোকারিজসহ নানা ধরনের দামি পণ্য আসছে। এসব পণ্যের সঙ্গে প্রচুর পরিমাণে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকও আসছে। সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দা, বিজিবি ও পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের সেক্টর সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাচালানিদের আনাগোনা বেড়েছে। তারা মাদকের পাশাপাশি প্রচুর পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, পাঞ্জাবি, থান কাপড় ও মসলা আনছে।
সদর উপজেলার সীমান্তবর্তী সুন্দুরা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেন জানান, উপজেলার সুন্দুরা, খানপুর, বড়গ্রাম, মালিগ্রাম, কুতৌড়—এসব এলাকা দিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিসের পাশাপাশি প্রচুর পরিমাণে ফেনসিডিল আসছে। যে পরিমাণে আসছে, তার খুব সামান্য পরিমাণ বিজিবি-পুলিশের হাতে ধরা পড়ছে।
ফুলবাড়ী সীমান্তের দেশমা এলাকার ব্যবসায়ী আনিসুর রহমান জানান, রুদ্রানী, জলপাইতলী, পানিকাটা এলাকা দিয়ে ফেনসিডিলের সঙ্গে ভারতীয় শাড়ি, চুড়ি, গয়না, প্রসাধনসামগ্রী আসছে।
শহরের কয়েকটি প্রসাধনসামগ্রীর দোকান ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি, দুল, ফিতা, গলার চেইন, পাথর বসানো নেকলেস, কানের গয়না, চুলের ব্যান্ড, বিভিন্ন ধরনের ক্রিমসহ নানা ভারতীয় পণ্যে জেলা-উপজেলার দোকানগুলো সয়লাব হয়ে গেছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে এক মাস ধরে হাকিমপুর ও বিরামপুর সীমান্ত দিয়ে ভারতীয় এসব পণ্য আসছে। ধরাও পড়ছে। চোরাচালান প্রতিরোধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় লিখিত সিদ্ধান্ত হয়েছে। পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করছে। ১৭ জুলাই এক অভিযানে এক কোটি ২৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জানান, সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলা সীমান্ত দিয়ে মাদক বেশি আসছে। এ ছাড়া বিরামপুর, হাকিমপুর সীমান্ত দিয়ে মাদকের পাশাপাশি প্রচুর পরিমাণে ভারতীয় শাড়ি-কাপড়, মসলাসহ ঈদ ঘিরে নানা পণ্য আসছে। চোরাচালান প্রতিরোধে পুলিশ বিজিবি ও প্রশাসন একযোগে কাজ করছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
দিনাজপুর বিজিবি সেক্টরের অধিনায়ক কর্নেল মামুন আল মাহমুদ জানান, ঈদ ঘিরে সীমান্তপথে ভারত থেকে বিভিন্ন পণ্যের চোরাচালান বেড়েছে। গত জুন মাসে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি ৩৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।