অবৈধ পথে আসা ভারতীয় পাটবীজের মান নিয়ে শঙ্কা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় নিম্নমানের পাটবীজ। বিডিআর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসা এসব পাটবীজ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে একটি চোরাই চক্র। গত সপ্তাহেই বিডিআর সদস্যরা ৯০০ বস্তা পাটবীজ আটক করেছেন।এ ব্যাপারে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদ পারভেজ জানান, বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি বন্ধ রয়েছে। ফলে একটি চোরাকারবারি চক্র সীমান্ত দিয়ে নিম্নমানের পাটবীজ নিয়ে আসছে। জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মামুন পাটবীজ পাচার হয়ে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পাটবীজ নিয়ে আসছে। বিডিআর এ বিষয়ে সজাগ আছে। গত ১১ ফেব্রুয়ারি জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের একটি দল হিলি সীমান্ত থেকে ২০০ বস্তা ও ১৩ ফেব্রুয়ারি পাঁচবিবির চেঁচড়া সীমান্ত দিয়ে আনার পথে ৭০০ বস্তা ভারতীয় নিম্নমানের পাটবীজ আটক করে, যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা বলে জানা গেছে। এদিকে সীমান্ত দিয়ে নিম্নমানের পাটবীজ দেশে প্রবেশ করায় পাটের চাষ হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের কৃষক সামছুল ইসলাম বলেন, মানসম্মত পাটবীজ পাওয়া না গেলে দারুণ সমস্যায় পড়তে হবে। জমিতে রোপণের পর পাটবীজ না ফুটলে এবং এর ফলন ভালো না হলে অর্থ ও শ্রম দুটোই মাটিতে মিশে যাবে। তাই তিনি সীমান্ত দিয়ে নিম্নমানের পাটবীজ যাতে পাচার হয়ে না আসে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সরকারের কাছে। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ভারত থেকে নিম্নমানের পাটবীজ আসার খবর তাঁদের কাছে আছে। ভারতীয় বীজ লাগানোর ক্ষেত্রে কৃষকদের নিরুৎসাহিত করা হবে। দেশেই উন্নত মানের বীজ পাওয়া যাচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক তোরাব হোসেন ও ওয়াহেদুর রহমান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানির অনুমতি না থাকায় চোরাকারবারিরা চোরাই পথে নিয়ে আসছে। আর এসব বীজে সয়লাব হয়ে যাচ্ছে দেশের হাটবাজার। বন্দর দিয়ে পাটবীজ আমদানি করা হলে কর্তৃপক্ষ এর গুণগত মান যাচাই করে ছাড়পত্র দেয়। ফলে নিম্নমানের হওয়ার শঙ্কা থাকে না। হিলি স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট আবদুল হাই জানান, পাটবীজ আমদানির কোনো দিকনির্দেশনা তাঁদের কাছে নেই। তিনি বলেন, অবৈধ পথে পাটবীজ আসায় সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।