অবৈধ পথে কত টাকা এসেছে যাচাইয়ে তিতাসের কমিটি
২৫ জুলাই প্রথম আলোতে প্রকাশিত ‘তিতাসকে ৪৫০ কোটি টাকার গ্যাস বিল দিল কারা’ শীর্ষক সংবাদ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।এতে বলা হয়েছে, তিতাসের মোট আবাসিক চুলার সংখ্যা প্রায় ১৬ লাখ। এ থেকে বছরে রাজস্ব আসে ৮৮৫ কোটি টাকা। প্রতিবেদনে উল্লিখিত ৪৫০ কোটি টাকা রাজস্ব পেতে হলে বর্ধিত চুলার সংখ্যা হতে হবে আট লক্ষাধিক, যা সম্পূর্ণ অবাস্তব।তবে অবৈধ গ্যাস-সংযোগ ও চুলা বৃদ্ধির বিপরীতে এ পর্যন্ত কত টাকা কোম্পানির খাতে জমা হয়েছে, তা যাচাই করে নির্ধারণের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত টাকার অঙ্ক সুনির্দিষ্টভাবে জানা যাবে।তিতাস বলেছে, ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে সংযোগ বন্ধ ঘোষণার পর কোম্পানির পক্ষ থেকে কোনো সংযোগ প্রদান বা চুলা বৃদ্ধি করা হয়নি। কাজেই কৌশলে সংযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক গ্রাহককে বছর শেষে তাঁর কাছে বকেয়া আছে বা নেই উল্লেখ করে প্রত্যয়নপত্র দেওয়া হয়। যে গ্রাহকের কোনো সংকেত নম্বর লেজারভুক্ত হয়নি, তাঁকে প্রত্যয়নপত্র দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না।কয়েক বছর আগে সংযোগ পাওয়া অনেক গ্রাহকের বিলও তিতাসের কেন্দ্রীয় হিসাবে যুক্ত হচ্ছে না বলে প্রতিবেদনে যা বলা হয়েছে, তা কল্পনাপ্রসূত। প্রকৃতপক্ষে গ্রাহকের পরিশোধিত অর্থ কোম্পানির কেন্দ্রীয় হিসাবে জমা হচ্ছে। তবে যদি কোনো কারণে গ্রাহকের লেজার খুলতে বিলম্ব হয়, সে ক্ষেত্রে গ্রাহকের খাতে জমা দেখাতে বিলম্ব হয়, যার পরিমাণ নগণ্য।প্রতিবেদকের বক্তব্য: ৪৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাওয়ার যে কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার সবই এক বছরের নয়। দেড়-দুই বছরেরও আছে। তার আগেরও আছে। তা ছাড়া এর সব সংযোগই যে আবাসিক, তা-ও নয়। বাণিজ্যিক ও শিল্প-সংযোগও আছে।তিতাস একদিকে বলেছে, অবৈধ গ্যাস-সংযোগ ও চুলা বৃদ্ধির বিপরীতে এ পর্যন্ত কত টাকা কোম্পানির খাতে জমা হয়েছে, তা যাচাইপূর্বক নির্ধারণের জন্য কমিটি করা হয়েছে; অন্যদিকে বলেছে, ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে সংযোগ বন্ধ ঘোষণার পর কোম্পানির পক্ষ থেকে কোনো সংযোগ প্রদান বা চুলা বৃদ্ধি করা হয়নি। এই বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ এবং সত্যকে আড়াল করার চেষ্টা।প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিতাস সরকারিভাবে সংযোগ দেয়নি। কিন্তু তিতাসের কোনো কোনো লোকই সংযোগ দিয়েছে এবং বিল বইয়ের মাধ্যমে ব্যাংকে টাকা দেওয়ার ব্যবস্থাও করেছে। এ জন্যই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘কৌশলে সংযোগ দেওয়া’র কথা। কিন্তু তিতাস তা-ও স্বীকার করতে চাইছে না।প্রত্যয়নপত্র দেওয়ার ব্যাপারে তিতাসের বক্তব্য আর প্রতিবেদনের বক্তব্যের মধ্যে কোনো তফাত নেই। যে গ্রাহকের সংকেত নম্বর লেজারভুক্ত হয়নি তাঁকে প্রত্যয়নপত্র দেওয়া হবে কিসের ভিত্তিতে। তাঁর টাকাই তো তিতাসের কেন্দ্রীয় হিসাবে জমা হচ্ছে না। কিন্তু এই যে জমা হচ্ছে না, সে কথা অনেক গ্রাহক জানেন না। কারণ, তিনি প্রতি মাসে ব্যাংকে গিয়ে বিল বইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করছেন। এ ধরনের গ্রাহক যখন প্রত্যয়নপত্র চাইতে গেছেন সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে, তখনই তিনি জানতে পেরেছেন কৌশলে সংযোগ দেওয়ার কথা।