অবৈধ পথে লিবিয়ায় না যেতে শ্রমমন্ত্রীর সতর্কবাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পথে দালালের মাধ্যমে কোনো বাংলাদেশিকে লিবিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।‘লিবিয়া ফেরত প্রবাসীদের পুনর্বাসন ও পুনঃ অভিবাসন’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।সভায় মন্ত্রী বলেন, লিবিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে কাউকে কোনো বিজ্ঞাপন প্রচারের ক্ষমতা বা কর্তৃত্ব সরকার দেয়নি। কোনো সংস্থা যদি তা করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লিবিয়া জনশক্তি আমদানি শুরু করলে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে ব্যবস্থা নেবে সরকার। তার আগে দালালের মাধ্যমে কেউ যেন সে দেশে না যান, সে ব্যাপারে মন্ত্রী সবাইকে সতর্ক করে দেন।মন্ত্রী বলেন, লিবিয়া ফেরত প্রবাসী বাংলাদেশিদের একটি নিবন্ধন তালিকা সরকারের কাছে রয়েছে। লিবিয়া যখন জনশক্তি আমদানি শুরু করবে, তখন তাঁদেরকেই পুনরায় পাঠানোর উদ্যোগ নেবে সরকার।সভায় সভাপতিত্ব করেন আইওএমের দক্ষিণ এশিয়ার প্রধান রাবাব ফাতিমা। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সভায় বক্তব্য দেন।লিবিয়ায় যুদ্ধ চলাকালে দেশটিতে কর্মরত প্রায় ৩৭ হাজার বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হন।