অবৈধ পন্থায় বিদেশে কর্মী পাঠালে ১০ বছর কারাদণ্ড
আইনগত অভিবাসন-প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধ পন্থায় বা প্রতারণামূলকভাবে কেউ বিদেশে কর্মী পাঠালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গত ১৫ এপ্রিল মন্ত্রিসভা কয়েকটি পর্যবেক্ষণসহ খসড়াটিতে নীতিগত অনুমোদন দিয়েছিল। গতকাল চূড়ান্ত অনুমোদন দিয়ে ১৯৮২ সালের সংশ্লিষ্ট আইনটি যুগোপযোগী করার পদক্ষেপ নিশ্চিত করা হলো।মন্ত্রিসভার গতকালের বৈঠকে স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) সংক্রান্ত চতুর্থ জাতিসংঘ সম্মেলনে গৃহীত ইস্তাম্বুল কর্মপরিকল্পনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের করণীয় সম্পর্কে প্রণীত কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়। এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে এলডিসি থেকে বের হয়ে আসা। তবে বাংলাদেশ ২০২১ সালের আগেই এই লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে উন্নয়নের বিভিন্ন সূচকের আলোকে সরকার আশা করছে।বৈঠকে আরও তিনটি বিষয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।প্রস্তাবিত অভিবাসী আইন অনুযায়ী, বেতন-ভাতা, থাকা-খাওয়ার ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে মিথ্যা প্রলোভন দিয়ে বিদেশে কর্মী পাঠানো হলে প্রলোভনদাতার শাস্তি হবে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড ও কমপক্ষে এক লাখ টাকা জরিমানা। বিদেশে কর্মী পাঠানোর জন্য অননুমোদিত কোনো বিজ্ঞাপন দেওয়া হলে শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা। কর্মী পাঠানোর ক্ষেত্রে চাহিদাপত্র, ভিসা, ওয়ার্ক পারমিট প্রভৃতি বিষয়ে জাল-জালিয়াতির জন্যও আইনে একই শাস্তির বিধান রাখা হয়েছে।আইনগত অভিবাসন-প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধ পন্থায় বা প্রতারণামূলকভাবে কেউ বিদেশে কর্মী পাঠালে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইনে যেসব বিষয়ের সুনির্দিষ্ট উল্লেখ নেই, তেমন কোনো অনিয়মের জন্য ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ আরও কিছু শাস্তির বিধান রাখা হয়েছে এ আইনে।গতকাল মন্ত্রিসভার বৈঠকে যে তিনটি বিষয় অবহিত করা হয়েছে সেগুলো হচ্ছে এক, ১৩ থেকে ১৫ এপ্রিল বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত বিশেষ সভা এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের স্প্রিং সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ। দুই, ২০ থেকে ৩০ মে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৬তম শীর্ষ সম্মেলন ও ১১৩তম নির্বাহী বোর্ড সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ। তিন, ১১ জুন আজারবাইজানে ইসলামি সহযোগিতা সংস্থার সদস্যরাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ।