
বৃহস্পতিবার দুপুর দুইটা। প্রবর্তক মোড়ের চারদিকের রাস্তা স্থবির। দুপুর ১২টা থেকে এমন অবস্থা চলছিল বলে জানালেন ওই এলাকার কয়েকজন দোকানি ও পথচারী। এই সময় প্রবর্তক থেকে পশ্চিমে মিমি সুপার মার্কেট, উত্তরে শেভরন ক্লিনিক, পূর্বে মেডিকেল কলেজের ফটক এবং দক্ষিণে গোলপাহাড় হয়ে মেহেদীবাগ পর্যন্ত গাড়ির চাকা ঘুরছিল না। আড়াইটার পর ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। বিকেল চারটার পর আর সন্ধ্যায় আবারও সেই একই চিত্র দেখা গেল এই সড়কে।
কেবল প্রবর্তক মোড় নয়, ইদানীং নগরের প্রায় প্রতিটি এলাকায় অসহনীয় যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। তবে রমজান মাস আসার পর যানজট নতুন মাত্রা পেয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সড়কে স্থবির হয়ে থাকছে যানবাহন। পুলিশের ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, যানবাহন চালক ও যাত্রীদের মতে, এমন অসহনীয় যানজটের পেছনে অন্যতম কারণ হলো ঈদের কেনাকাটার জন্য বিপণিমুখী যানবাহনের চাপ। নগরের বেশির ভাগ বিপণিবিতানে পার্কিং থাকা সত্ত্বেও রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির জট বাড়ছে পাশের রাস্তায়। এর ওপর যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলও যানজট বাড়িয়েছে কয়েক গুণ। মূলত এই তিন কারণেই একসময়ের শান্তি ও স্বস্তির শহর চট্টগ্রাম এখন যানজটের শহর।
সব সময়ে সর্বত্র যানজট: গত কয়েক দিন নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পিক আওয়ার বলে পরিচিত ব্যস্ততার সময় কেবল নয়, সারা দিনই নগরের প্রায় সব এলাকায় হচ্ছে যানজট। নগরের নিউমার্কেট মোড়, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার, মেহেদীবাগ, প্রবর্তক মোড়, জাকির হোসেন রোড, জিইসির মোড়, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর, ফকির হাট, ইপিজেড ও বন্দরটিলায় যানজটের নির্দিষ্ট কোনো সময় এখন আর নেই। কার্যত গোটা নগরই অচল হয়ে পড়েছে যানজটে।

নগরের প্রবর্তক মোড় ও মেহেদীবাগ এলাকায় কেবল ইফতারের আগে–পরের এক ঘণ্টা বাদ দিলে দিন ও রাতের বাকি সময় যানজট লেগেই থাকে। এই এলাকার রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতালগুলোতে যানবাহনের চাপ এই পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে এখানকার বিপণিকেন্দ্রমুখী যানবাহনের চাপ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবর্তক মোড়ে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজীব আহসানের সঙ্গে। তিনি রিকশাযোগে লালখান বাজারে যাচ্ছিলেন। রাজীব বললেন, ‘সাত-আট মিনিট ধরে রিকশায় বসে আছি। কোনোভাবে গোলপাহাড় মোড় অতিক্রম করতে পারলে লালখান বাজারে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু যানজটের কারণে গোলপাহাড় মোড় পার হতে পারছি না। গাড়ির চাকা যেন ঘুরছে না।’
নগরের মেহেদীবাগের চিত্র আরও খারাপ বলে জানালেন কাতালগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুর রহমান। একই দিন রাত আটটায় মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে কথা হয় তাঁর সঙ্গে। কাজীর দেউড়ি থেকে রিকশা করে তিনি বাসায় যাচ্ছিলেন। তিনি বলেন, ‘কেবল রমজান মাস কিংবা ঈদের সময় নয়, ১২ মাসই মেহেদীবাগে যানজট লেগে থাকে।’ তাঁর মতে, অপরিকল্পিতভাবে আবাসিক এলাকায় দুটি হাসপাতাল করা হয়েছে। রোগীর গাড়ি হাসপাতালের সামনে অপ্রশস্ত রাস্তায় থামলে পেছনের গাড়িগুলো আটকে যায়। এসব দেখার কেউ নেই।
যানজটের কথা স্বীকার করে নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ‘ঈদের কারণে মার্কেটগুলোতে মানুষের ভিড় বাড়ছে। একই সঙ্গে যানজটও সৃষ্টি হচ্ছে। তাই বড় কয়েকটি মার্কেটের মালিক সমিতির নেতাদের সঙ্গে যানজট সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে কথা বলেছি। বিশেষ করে মিমি সুপার ও আফমি প্লাজা, সানমার ওশান, নিউমার্কেট, টেরিবাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকার যানজট নিয়ে আলোচনা হয়।’
মাসুদ-উল হাসান আরও বলেন, ‘পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় মিমি সুপার ও আফমি প্লাজার ক্রেতাদের গাড়ি মিমির বিপরীতে পেট্রল পাম্পের পাশে খালি জায়গায় রাখা যেতে পারে। একইভাবে সানমার ওশান সিটির ক্রেতাদের গাড়ি বিপরীত দিকে অবস্থিত নাসিরাবাদ বয়েজ হাইস্কুল মাঠে, নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের ক্রেতাদের গাড়ি চট্টগ্রাম স্টেশনের পার্কিংয়ে এবং টেরিবাজারের ক্রেতাদের গাড়ি এমইএস স্কুলের মাঠে রাখার ব্যাপারে কথাবার্তা চলছে। অন্তত শেষ ১০ রোজায় এই ব্যবস্থা কার্যকর করতে চাই আমরা, যাতে যানজট কমে আসে।’