অবৈধ পার্কিং, বেশি মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সব সময় ​এলোমেলোভাবে বাস ​ দঁা​ি​ড়য়ে থাকে৷ গতকাল তোলা ছবি l প্রথম আলো
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে সব সময় ​এলোমেলোভাবে বাস ​ দঁা​ি​ড়য়ে থাকে৷ গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাস্তাটি এক কিলোমিটারেরও কম। এর মধ্যেই চারটি মোড়। শিক্ষাপ্রতিষ্ঠান আছে পাঁচটি। দুই লেনের এই রাস্তার অধিকাংশ জায়গাজুড়েই গাড়ি রাখা। মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউতে সকাল ও দুপুরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যানগুলো সহজে নড়ে না।
গতকাল বুধবার দুপুরে সায়মা আকতার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির একটি বাসে উঠেছেন। বাড্ডা যাবেন। তিনি বলেন, ‘২০ মিনিট হয়ে গেছে, বাস নড়েও না, চড়েও না। যানজট না হলে জায়গাটুকু পার হতে পাঁচ মিনিটের বেশি লাগে না।’
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে অসংখ্য বাস চলাচল করে। এর বড় একটি অংশ আসাদ অ্যাভিনিউ হয়ে যায়। বাসের সঙ্গে অন্যান্য অসংখ্য যানবাহনও চলে। বাসস্ট্যান্ড থেকে আসাদগেট যাওয়ার সড়কটি পুরোপুরি এক কিলোমিটার হবে না। কিন্তু এই বাসস্ট্যান্ড থেকে একটু পর চার রাস্তার চারটি মোড়। প্রতিটি মোড় থেকে যানবাহন বের হচ্ছে, ঢুকছে। ফলে সড়কের দুপাশের যানগুলোকেই থামতে হচ্ছে। সব মোড়ের একই অবস্থা।
এই সড়কে আছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, গ্রিন হেরাল্ড স্কুল, সেন্ট পল স্কুল, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও নর্দান কলেজ। এদের কার্যক্রম শুরু ও শেষ হয় একই সময়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ও বাড়ে। তখন এ সড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
মোহাম্মদপুর টাউন হলের পর থেকে সড়কটিতে ‘নো পার্কিং’ লেখা সাইনবোর্ড দেওয়া আছে। কিন্তু এর তোয়াক্কা না করে একটি সাইনবোর্ড থেকে আরেকটি সাইনবোর্ডের দূরত্বের মধ্যেই অনেক ব্যক্তিগত গাড়ি রাখা হচ্ছে। এভাবে পুরো জায়গায় সড়কের দুপাশজুড়েই অসংখ্য গাড়ি রাখা। অবৈধভাবে গাড়ি রাখার ফলে দুই লেনের সড়কটি আরও সরু হয়ে যায়। ফলে সরাসরি চলে যাওয়ার অন্য যানগুলো লম্বা সারি দিয়ে একটি একটি করে ধীরে ধীরে এগোয়। দীর্ঘ সময় লেগে যায় পথটুকু পার হতে।