
উত্তরা ৪ নম্বর সেক্টরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। ভারী বৃষ্টি হলে ভাঙাচোরা রাস্তা তলিয়ে যায়। হোটেল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আর গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য রাস্তায় বিরক্তিকর যানজট। জ্বলে না সড়কবাতি। বিদ্যুৎ-বিভ্রাট, মাঝেমধ্যে গ্যাসের চুলায় লঘুচাপ। সন্ধ্যার পর মাদকাসক্তদের উৎপাত—সবই আছে এখানে।
উত্তরা ২ নম্বর সেক্টরে এসব সমস্যা নেই। জলাবদ্ধতাও এখন কমেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়, র্যাব-১ কার্যালয়, সরকারি আবাসিক ভবন রয়েছে এই সেক্টরে। ছিমছাম রাস্তাঘাট। শুধু রেললাইনের পাশে অবৈধ দোকানপাটের কারণে এলাকায় কিছুটা অস্বস্তি। গতকাল শুক্রবার এলাকা ঘুরে এসব সমস্যার কথা জানা যায়।
জলাবদ্ধতা কেন: ৪ নম্বর সেক্টরে সড়ক ২১টি। সঙ্গে কয়েকটি শাখা সড়ক। এর ২৫ শতাংশ রাস্তা ভাঙাচোরা। বৃষ্টি হলে শায়েস্তা খান অ্যাভিনিউয়ে পূর্বাংশ হয়ে ৪ নম্বর সেক্টরের ১, ২ এবং এর শাখা সড়ক, ৩-এ এবং ৪, ৫, ৬ ও ১০ নম্বর সড়কে পানি জমে। তখন ভাঙা সড়কে রিকশা-অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে। ৪ নম্বর সড়কের মনিহারি দোকানি আনিসুর রহমান, ৫ নম্বর সড়কের বাসিন্দা আবদুল জলিল, ৬ নম্বর সড়কের সরকারি চাকুরে নূরুল আলমসহ অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, ভারী বৃষ্টিতে এসব সড়কে হাঁটুর ওপরে পানি জমে যায়। পানি গ্যারেজে, নিচতলায় ও সংরক্ষিত জলাধারে পর্যন্ত চলে যায়।
স্থানীয় কসাইবাজার খাল, কালভার্ট অংশ ভরাট হয়ে যাওয়ায় এই সেক্টরের গৃহস্থালি ও বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। কসাইবাজার খাল এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে রেলওয়ের ৪০ নম্বর কালভার্ট ভরাট হয়ে প্রস্থে ৫ ফুট হয়ে গেছে। আগে ছিল ৩০ ফুট। খালপাড়ে গড়ে উঠেছে বস্তি ও দোকানপাট।
৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম বলেন, এখানে জলাবদ্ধতা দূর করতে হলে অবৈধভাবে ভরাট করা খালের অংশ উদ্ধার করতে হবে। এ ছাড়া পূর্ব পাশে সিটি করপোরেশনের বড় যে নর্দমা রয়েছে, সেটি রেলওয়ে কালভার্ট পর্যন্ত সম্প্রসারণ করে হাজি ক্যাম্পের বর্তমান খালের সঙ্গে যুক্ত করে খাল পুনর্খনন করতে হবে। এ বিষয়ে ঢাকা ওয়াসাকে অবহিত করা হয়েছে। ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে করণীয়ও খতিয়ে দেখা হচ্ছে।’

বাণিজ্যিক কার্যক্রম: ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চলছে। সেখানে ঘুরে ১৭টি হোটেল ও রেস্তোরাঁ দেখা যায়। এগুলো রয়েছে ৭, ১১, ১৩, ১৪-এ, ১৯, ১৯-এ নম্বর সড়কে। এ ছাড়া ২২টির মতো স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, হোটেলগুলোর কারণে নিয়মিত যানজট হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই এলাকার অথরাইজড কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদের সভায় মাস দেড়েক আগে সিদ্ধান্ত হয়েছে যে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ছয় মাসের নোটিশ দিতে হবে। সে অনুযায়ী বিষয়টা দেখা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কুদরতউল্লাহ বলেন, সিটি করপোরেশন থেকে আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ করা হয়েছে। নতুন বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না।
অবৈধ পার্কিং ও মাদক: এলাকায় যানজটের আরেকটি বড় কারণ হচ্ছে রাস্তায় যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা। বিশেষ করে শায়েস্তা খান রোডে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের বিপরীতে এবং রেললাইনের কাছাকাছি এলাকায়। গতকাল শুক্রবার ছুটির দিনেও সেখানে যানজট ছিল। দুপুরে শতাধিক কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন কসাইবাজার শাখার একটি কার্যালয়ও গড়ে উঠেছে।
রাস্তায় রাখা কাভার্ড ভ্যানগুলোর পাশেই রেললাইন। এলাকার কয়েকজন দোকানি বলেন, সন্ধ্যার পর রেললাইনে বসে মাদকসেবীরা। বেশির ভাগই অল্প বয়সী। খোরশেদ আলম নামের একজন ব্যবসায়ী বলেন, অল্প বয়সী এই ছেলেদের মা-বাবা জানতেও পারেন না, তাঁদের সন্তান এখানে কী করছে।
সড়ক-ফুটপাত: সেক্টরে ভাঙাচোরা ২৫ শতাংশ সড়ক চলতি বাজেটে মেরামত হচ্ছে না বলে ডিএনসিসি থেকে জানা যায়। উত্তরায় সড়ক-ফুটপাত সংস্কার ও নর্দমা নির্মাণে ১২০ কোটি টাকার বাজেট রয়েছে। চলতি বছর অর্ধেক টাকায় কিছু কাজ করা হয়েছে। বাকি টাকায় কাজ হবে আগামী বছর। সড়ক মেরামত হলেও বেশির ভাগ সড়কে বাতি জ্বলে না—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।