অবৈধ পার্কিংয়ে জরিমানা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

অবৈধ পার্কিংয়ের জন্য যে জরিমানার বিধান আছে তা যথেষ্ট নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ জরিমানার পরিমাণ বাড়ানো হবে, এ জন্য কাজ চলছে।

আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এ র‌্যালিটি রাজধানীর শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিটি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং নিরাপদ সড়ক চাই—নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অবৈধ পার্কিংয়ের জন্য মাত্র ২০০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয়। আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় জরিমানার এই পরিমাণ খুবই কম। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করতে জরিমানার টাকা আরও বাড়ানো উচিত।’


মন্ত্রী আরও বলেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে সে অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে বেশি গতিতে এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

শোভাযাত্রা শেষে শহীদ মিনারের সমাবেশে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কারও একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য চালক, মালিক, সাধারণ মানুষ সবাইকে যার যার জায়গা থেকে কর্তব্য পালন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, এ দেশ আমাদের, মানুষ আমাদের। একটা মানুষও যেন দুর্ঘটনায় পথে মারা না যায়।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামীম আলম দীপেন, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ।

সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে নিসচা। এরই অংশ হিসেবে প্রতিবছর ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে সংগঠনটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই।’