অবৈধ পার্কিংয়ে থমকে যায় যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ের সামনের সড়কে শতাধিক গাড়ি পার্ক করে রাখা হয়েছে। সম্প্রতি তোলা ছবি।
সচিবালয়ের সামনের সড়কে শতাধিক গাড়ি পার্ক করে রাখা হয়েছে। সম্প্রতি তোলা ছবি।

সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা ‘পার্কিং নিষেধ’। কিন্তু এই নিষেধের তোয়াক্কা না করে দেড় শতাধিক গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে। অধিকাংশ গাড়িই বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের।

এ দৃশ্য সচিবালয়ের দক্ষিণ পাশের আবদুল গণি রোডের। সচিবালয়ের ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বলেন, রাস্তা দখল করে গাড়ি রাখায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়।

গত রোববার সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের দক্ষিণ পাশের সড়কে জিপিও থেকে শুরু করে শিক্ষা ভবন পর্যন্ত অবৈধভাবে পার্ক করা আছে বিভিন্ন মন্ত্রণালয়, উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি। অবৈধভাবে গাড়ি রাখায় যান চলাচলের পথ সরু হয়ে গেছে। খালি অংশ দিয়ে একটি করে গাড়ি চলাচল করতে পারে।

ওই সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব গাড়ি গুরুত্বপূর্ণ এই সড়কটির ওপর অবৈধভাবে রাখা হয়। খেয়ালখুশিমতো যেকোনো গাড়ি এসে হঠাৎ রাস্তার ওপর দাঁড়িয়ে যায়। ফলে এই পথে চলাচলকারীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, সচিবালয়ের ভেতরে গাড়ি রাখার যে ধারণক্ষমতা, তার তিন গুণ গাড়ি প্রতিদিন সেখানে যায়। এর মধ্যে অনেক গাড়ি ভেতরে প্রবেশের অনুমতি পায় না। তাই যাচ্ছেতাইভাবে সড়কের ওপরই এসব গাড়ি রাখা হয়।

>অবৈধভাবে গাড়ি রাখায় যান চলাচলের পথ সরু হয়ে গেছে। খালি অংশ দিয়ে একটি করে গাড়ি চলাচল করতে পারে।

রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ওই সড়কে অবস্থান করে দেখা গেছে, জিপিও মোড় থেকে ওসমানী উদ্যান, ওসমানী স্মৃতি মিলনায়তন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন মেরামত কারখানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও রেল ভবনের সামনে অন্তত ১৫৯টি গাড়ি অবৈধ পার্ক করে রাখা। এর মধ্যে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা মনোগ্রাম রয়েছে প্রায় ৩০টি গাড়িতে। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, সওজ অধিদপ্তর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ চলচ্চিত্র ইনস্টিটিউট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মনোগ্রামযুক্ত গাড়ি পার্ক করে রাখতে দেখা যায়।

ওই সড়কে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে কাজের সীমাবদ্ধতা আছে। এর মধ্যেও অবৈধ পার্কিং ঠেকাতে মাঝেমধ্যে ভিডিও করে গাড়ির নম্বর সংগ্রহ করা হয়। পরে সেগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘অবৈধ পার্কিং কমাতে আমরা পরিবহন পুলের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা তাদের অনুরোধ করেছি পরিবহন পুলে বহুতল যে ভবন আছে, ওটা বাড়ানো গেলে গাড়ি রাস্তায় না রেখে পরিবহন পুলের মধ্যে রাখলে অবৈধ পার্কিং-প্রবণতা কমতে পারে।’

তিনি আরও বলেন, সচিবালয়ের ব্যাপ্তি আস্তে আস্তে বাড়ছে। নতুন ভবনও হচ্ছে। তাই যানবাহন রাখার ব্যবস্থাপনার চিন্তাভাবনাও সবাইকে করতে হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন চৌধুরী বলেন, ‘রাস্তায় রাখা গাড়িগুলোর জন্য আশপাশে বহুতল পার্কিংয়ের ব্যবস্থা করা হলে সমস্যার সমাধান সম্ভব। রাস্তায় যেসব গাড়ি থাকে তা আমাদের পরিবহন পুলের নয়; বিভিন্ন অধিদপ্তর, পরিদর্শকদের গাড়ি। পুলের বাইরে এখন গাড়ির পরিমাণ বেড়ে গেছে। পরিবহন পুলের নিজেদেরই জায়গার সংকুলান হয় না। কারণ, আমাদের পুরোনো গাড়ি ভেতরে রয়ে গেছে, যা ধাপে ধাপে বিক্রি হচ্ছে।’