অবৈধ পিস্তল ও গুলিসহ দুই কারারক্ষী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই কারারক্ষীকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুরের একটি দল। গতকাল শনিবার বেলা সোয়া একটার দিকে ফরিদপুর জেলা কারাগারের বিপরীত পাশে ফরিদপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া দুজন ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী। তাঁরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা এলাকার মিজানুর রহমান (২৬) ও বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের আশরাফুল (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) জাহানারা বেগম বলেন, ওই দুই কারারক্ষীকে শনিবার রাতেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদারীপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি সুমন দেব বলেন, ওই দুই কারারক্ষী দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা করে আসছিলেন। গতকাল ক্রেতা সেজে এক লাখ টাকার বিনিময়ে একটি পিস্তল কেনার জন্য গিয়ে ফরিদপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে তাঁদের আটক করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী কলেজ ক্যাম্পাস থেকে অস্ত্রসহ দুই কারারক্ষীকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।