অবৈধ ফেনসিডিল কারখানা বন্ধে আবারও তাগিদ দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ ফেনসিডিল কারখানা অচিরেই ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহাপরিচালক ওপিএস মালিক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালক পর্যায়ের দুদিনের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠকে ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত এলাকার অবৈধ ফেনসিডিল কারখানার তালিকা দিয়ে আবারও সেগুলো ধ্বংসের তাগিদ দেওয়া হয়েছে। গত বুধবার সকালে ঢাকার একটি হোটেলে দুই দেশের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালক পর্যায়ের দ্বিতীয় বৈঠক শুরু হয়। এর আগে গত ২০০৯ সালের মার্চে নয়াদিল্লিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।বৈঠক সূত্র জানিয়েছে, প্রথম মহাপরিচালক পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে কথা হয়েছে। দুই দেশই নতুন মাদক পণ্য, পাচারের নতুন রুট, স্পট ও ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য আদান-প্রদান, যৌথ কর্মকৌশল প্রণয়ন, প্রয়োজনে সীমান্ত এলাকায় যৌথ পরিদর্শন দল পাঠানো এবং ২০০৬ সালের দ্বিপক্ষীয় চুক্তির আলোকে কাজ করতে সম্মত হয়েছে।সংবাদ সম্মেলনে দুই মহাপরিচালক জানান, বৈঠকে তাঁরা দুই দেশের মধ্যে মাদক পাচার ও সীমান্ত এলাকায় মাদকের উৎপাদন বন্ধসহ মাদকদ্রব্য দমনে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন।বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী জানান, ভারত মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য সাহায্য করতে সম্মত হয়েছে।সীমান্তে ফেনসিডিল কারখানা: বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তের ভারতীয় অংশের ৫০টির বেশি ফেনসিডিল কারখানা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর আগে গত বছর মার্চে নয়াদিল্লিতে বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনেও বিডিআরের (বর্তমানে বিজিবি) পক্ষ থেকে ফেনসিডিল কারখানাগুলোর একটি তালিকা দেওয়া হয়।অবৈধ ফেনসিডিল কারখানাগুলো বন্ধে তাদের উদ্যোগ সম্বন্ধে জানতে চাইলে ওপিএস মালিক বলেন, ‘গত বছর বিডিআরের দেওয়া তালিকা মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। যাচাইয়ের আগে আমরা কাউকে অবৈধ বলতে পারি না। যদি কোনো অবৈধ কারখানা পাওয়া যায়, তবে অবশ্যই তা ধ্বংস করা হবে।’মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের তথ্যমতে, কফ সিরাপ ফেনসিডিল ভারতে নিষিদ্ধ নয়। তবে বাংলাদেশের বাজারকে লক্ষ্য করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে প্রচুর অবৈধ ফেনসিডিলের কারখানা, যেগুলোতে নেশার জন্য নিয়মিত মাত্রার কয়েক গুণ বেশি কোডেইন ফসফেট নামের উপাদানটি যোগ করে দেওয়া হয়। অতিরিক্ত মাত্রার কোডেইন ফসফেট কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গের গুরুতর ক্ষতি করে। সীমান্তে পপিবাগান: সীমান্তে হেরোইনের উৎস পপি চাষ সম্পর্কে জানতে চাইলে ভারতের ওপিএস মালিক বলেন, পপিবাগান ধ্বংসে ভারত এখন স্যাটেলাইট ছবি ব্যবহার করছে। মণিপুরে প্রচুর পপিবাগান ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী ও ভারতের লালগোলা সীমান্তে পপিবাগান ও হেরোইন কারখানা সম্বন্ধে জানতে চাইলে মালিক বলেন, ‘লালগোলা এখন পশ্চিমবঙ্গের মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা বিশেষভাবে এ অঞ্চলের দিকে দৃষ্টি দিচ্ছি। প্রচুর অভিযান হচ্ছে, আরও হবে।’বৈঠকে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন পুলিশ, র্যাব, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।