ঢাকায় আয়োজিত সেমিনারে মংলা-ঘষিয়াখালী নৌপথ খনন প্রকল্পের শতভাগ সাফল্য পেতে নৌপথের সঙ্গে যুক্ত খালের অবৈধ বাঁধ অপসারণ ও চিংড়িঘের উচ্ছেদের দাবি জানানো হয়েছে।
পুরানা পল্টনের মুক্তি ভবনে গতকাল শুক্রবার ‘জাতীয় অর্থনীতিতে মংলা-ঘষিয়াখালী নৌপথের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তাঁরা এ দাবি জানান। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এ সেমিনারের আয়োজন করে।
আলোচকেরা বলেন, সুন্দরবন ও এর প্রাণবৈচিত্র্য রক্ষা এবং মংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য স্থানে পণ্য পরিবহনের জন্য মংলা-ঘষিয়াখালী নৌপথ চালু করা অপরিহার্য। এ ক্ষেত্রে বাধা হচ্ছে দুই শতাধিক অবৈধ বাঁধ, সহস্রাধিক চিংড়িঘের ও পাউবোর অপরিকল্পিত স্লুইসগেট। এ নৌপথ খননে সফলতা পেতে এগুলো উচ্ছেদ করতে হবে।
সেমিনারে বিশেষ টাস্কফোর্স গঠন করে ২৩৩টি খালের অবৈধ বাঁধ অপসারণ ও চিংড়িঘের উচ্ছেদ, রামপালের ফয়লাহাটে পাউবোর স্লুইসগেটসহ অপরিকল্পিত সব বাঁধ অপসারণ ও নৌপথের সঙ্গে যুক্ত খালগুলো খননের নির্দেশ দেওয়ার সুপারিশ করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সদস্য ভোলানাথ দে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ম ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।