অবৈধ বাঁধ রক্ষায় ইউপি চেয়ারম্যানের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর অবৈধ বাঁধের ওপর এবার আধাপাকা একটি মসজিদ নির্মাণ করেছেন এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল। এ জন্য তিনি সরকারের প্রায় এক লাখ ৬৫ হাজার টাকা খরচ করেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, তারেক তাঁর অবৈধ বাঁধ রক্ষা করতে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন এবং সরকারের অর্থের অপচয় করেছেন।
স্থানীয় কয়েকজন জানান, আওয়ামী লীগ নেতা তারেক হেলাল একই সঙ্গে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি বাঙ্গালী নদীর আড়িয়ামারা এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার; ঝুঁকিতে মানুষ, সেতু, সড়ক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদেনে বলা হয়েছিল, নদীতে বাঁধ দিয়ে পানির গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ধুনট-শেরপুর সড়ক ও বথুয়াবাড়ী সেতুসহ সংযোগ সড়ক হুমকির মুখে পড়েছে।
ওই দিনই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল কবির তিন দিনের মধ্যে নদীতে বাঁধ অপসারণে ব্যবস্থা নিতে পরিবেশ ও বন, পানিসম্পদ, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক, বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার কাছে নোটিশ পাঠান। এরপর ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় বাঁধ অপসারণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানকে নির্দেশ দেয়। ইউএনও দুই মাসেও ব্যবস্থা না নেওয়ায় সর্বশেষ ১৪ নভেম্বর পাউবোর রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে বাঁধ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরই মধ্যে অবৈধ ওই বাঁধ রক্ষা করতে তারেক সেখানে মসজিদ নির্মাণের নামে ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পর্যায়ে সাংসদের ব্যক্তিগত বরাদ্দ থেকে এক মেট্রিক টন ও উপজেলা পরিষদের বরাদ্দ থেকে চার মেট্রিক টনসহ মোট পাঁচ মেট্রিক টন টিআর প্রকল্পের চাল বরাদ্দ নেন। প্রতি টন চাল ৩৩ হাজার টাকা করে পাঁচ টন চালের দাম দাঁড়ায় এক লাখ ৬৫ হাজার টাকা। ওই টাকা দিয়ে তারেক বাঁধের পাশে আধাপাকা ছোট একটি টিনের মসজিদ নির্মাণ করেন। সেখানে বাঁধ ও মাছের খামারের পাহারাদারেরা নামাজ পড়েন।
এলাঙ্গী ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের আলেফ উদ্দীন বলেন, নদীর অবৈধ বাঁধ রক্ষা করতে চেয়ারম্যান সরকারি অর্থ বরাদ্দ নিয়ে মসজিদ নির্মাণের নতুন কৌশল নিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ বাঁধের ওপর মসজিদের নামে টিআর প্রকল্পের পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ নেওয়া হয়েছে। বাঁধ ভেঙে ফেলা হলে অবৈধ স্থানে সরকারি অর্থ খরচের দায় চেয়ারম্যান তারেক হেলালকেই নিতে হবে।
তারেক হেলাল দাবি করেন, তিনটি গ্রামের মানুষ নদীভাঙন থেকে জমি রক্ষা করতে নিজেদের উদ্যোগে আড়িয়ামারা খালে বাঁধ নির্মাণ করেছেন। সরকারি অর্থ বরাদ্দ নিয়ে বাঁধের এক পাশে আধাপাকা মসজিদ নির্মাণ করা হয়েছে। সরকার বাঁধ ভেঙে দিলে মসজিদ সরিয়ে নেওয়া হবে।
ইউএনও হাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসক ও পাউবো কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যে চেয়ারম্যান সেখানে মসজিদ নির্মাণের নামে সরকারি অর্থ বরাদ্দ নিয়েছেন। অবৈধ স্থানে সরকারি অর্থ ব্যয়ের দায়-দায়িত্ব তাঁকেই নিতে হবে।