অবৈধ বালু উত্তোলন চলছেই

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলন থামছেই না। নির্বিচারে বালু তোলায় নদীর ওপর নির্মিত ফকির মজনু শাহ সেতু হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। দুই পারের মানুষের যাতায়াতের জন্য নদীতে ফকির মজনু শাহ সেতু নির্মাণ করা হয়। সেতুর একপাশে কাপাসিয়া বাজার, অন্যপাশে তরগাঁও। বর্তমানে সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জের যানবাহনও চলাচল করছে। কাপাসিয়ার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নদী থেকে বালু তোলায় ঝুঁকির মুখে পড়েছে সেতু ও দুই পাশের সংযোগ সড়ক। এ ছাড়া কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে বালুর বড় বড় গদি করায় হুমকিতে পড়েছে সড়কটিও। সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় যত্রতত্র বালুর গদি বসানোয় সড়কসহ উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকাও এখন হুমকির মুখে। প্রশাসনের নাকের ডগায় যত্রতত্র বালুসন্ত্রাসীদের কর্মকাণ্ড কেউ দেখেও না দেখার ভান করছে। বালু তোলায় বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কাপাসিয়া-শ্রীপুর সড়কের কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে দস্যুনারায়ণপুর বাজার পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে কয়েক ঘণ্টা। এমনকি এই রাস্তার সমস্যা এড়িয়ে চলতে ২৫ কিলোমিটার ঘুরে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, শ্রীপুরের হারুন অর রশিদ ওরফে বাদল নামে আওয়ামী লীগের এক কর্মী ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবলু মিয়াসহ আরও অনেকে নদী থেকে বালু উত্তোলন করছেন।
তরগাঁও এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম বলেন, অবাধে বালু তোলায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দুই পারের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে যাচ্ছে।
বাঘিয়া গ্রামের কৃষক আহমেদ হোসেন বলেন, পাড় ভেঙে তাঁর কয়েক শতাংশ জমি নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া আরও অনেকের ফসলি জমি নদীতে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান বলেন, রাস্তা ঘেঁষে ও নদীর তীরে বালু ব্যবসা করার কারণে রাস্তা দেবে যাচ্ছে। নদীর তীরও ভেঙে যাচ্ছে।
কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবলু মিয়া বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা বালুর ব্যবসা করছেন। হারুন অর রশিদও একই ধরনের কথা বলেন।
ইউএনও মাকছুদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের মৌখিকভাবে বালু তুলতে নিষেধ করা হয়েছে। বালু উত্তোলন বন্ধ না হলে অভিযান চালানো হবে।