অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে লাঠিসোঁটা নিয়ে ১০-১২টি ট্রলারযোগে কয়েক শ লোক ধাওয়া করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে আশপাশের গ্রামগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে। কৃষিজমি হয়েছে হুমকির সম্মুখীন। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েক দিন ধরে ধলেশ্বরী নদীতে আসলাম শিকদার নামের এক ব্যক্তি নদী থেকে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন ১০-১২টি ড্রেজার দিয়ে তারা নিয়মিত বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের কারণে কৃষিনির্ভর বক্তাবলীর আশপাশের এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর তীরসংলগ্ন অনেক এলাকা ইতিমধ্যে ভেঙে গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন অব্যাহত রাখা হয়। এ কারণে মঙ্গলবার ভোরে কয়েক শ গ্রামবাসী জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২টি ট্রলারযোগে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিলে ড্রেজার নিয়ে তারা পালিয়ে যায়।বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরের কয়েকটি গ্রামের বেশ কিছু অংশ ভেঙে গেছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের কৃষিজমি ও তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ম্যানেজ করে তারা বালু উত্তোলন করছে বলে জানান।বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বালু উত্তোলনকারীদের গ্রামবাসীর ধাওয়া দেওয়ার বিষয়টি আমি শুনেছি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’ তবে এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, গত ১১ জানুয়ারি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে প্রশাসনকে লিখিতভাবে চিঠি দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।