অবৈধ বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দ এলাকায় মেঘনা নদীতে গতকাল সোমবার অবৈধ বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, বালু-সন্ত্রাসীদের খননযন্ত্রের (ড্রেজার) ধাক্কায় ট্রলার ডুবে চার গ্রামবাসী নিখোঁজ রয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে ভাটিবন্দ এলাকায় মেঘনা নদীতে একটি খননযন্ত্র ও কয়েকটি বাল্কহেড নিয়ে অবৈধভাবে বালু তুলতে আসে একদল সন্ত্রাসী। গ্রামবাসী তাদের বারণ করলেও সন্ত্রাসীরা নদী থেকে বালু তুলতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের কয়েক শ নারী-পুরুষ দুটি ট্রলারে করে সন্ত্রাসীদের ধাওয়া দেয়। সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে স্থানীয় সাংসদ বসেছেন।