শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর নিচে অবৈধ বালু ও পাথরের ব্যবসা উচ্ছেদে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নারায়ণগঞ্জের উপসহকারী প্রকৌশলী ও তাঁর সহকারী বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার উচ্ছেদ অভিযানে নামলে তাঁদের বাধা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঁচপুর সেতুর নিচে নদীর পার দখল করে অবৈধভাবে চলা বালু ও পাথর তোলা ব্যবসা বন্ধে অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী দল এ অভিযানে নামে। এ সময় সওজের নারায়ণগঞ্জ বিভাগের সিরাজুল ইসলাম উচ্ছেদকারী দলকে বাধা দেন। তিনি নদীর তীরে স্তূপ করা বালু তাঁদের বলে দাবি করেন। অভিযান অব্যাহত রাখা হলে সওজের উপসহকারী প্রকৌশলী আলী আকবর হাওলাদার ছুটে আসেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আপনারা এগুলো উচ্ছেদ করতে পারবেন না। এ সময় জেটি থাকার পরও নদী ও তীর দখল করে বালু রাখার কারণ জানতে চাইলে তিনি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশসহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপসহকারী প্রকৌশলী আলমগীর কবির জানান, অবৈধ দখলদাররা কাঁচপুর সেতুর নিচে নদী তীরের দুই লাখ ২৫ হাজার বর্গফুট জায়গা দখল করে বালু ও পাথরের ব্যবসা চলে আসছিল। গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের অবৈধ বালু ও পাথর সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হলেও কাজ হয়নি। গতকাল উচ্ছেদ অভিযানে গেলে প্রকৌশলী আলী আকবর ও তাঁর সহকারী বাধা দেন। তাঁরা উচ্ছেদকারী কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বালু নামানোর নির্ধারিত জেটি থাকলেও তাঁরা নদী দখল করে বালু রেখেছিলেন। এ ব্যাপারে প্রকৌশলী আলী আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলী আলী আকবর বালু সরিয়ে নিতে সময় চাইলে তাঁকে তা দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উচ্ছেদ অভিযান চলছে।