অবৈধ বালু ব্যবসার জন্য ধলেশ্বরীর উৎসমুখে বাঁধ
অবৈধভাবে বালু ব্যবসার জন্য টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে নতুন ধলেশ্বরী নদীর উৎসমুখ বন্ধ করে দিয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় চার নেতা। এ কারণে বর্ষা মৌসুমেও ৬৭ কিলোমিটার দীর্ঘ নদীটিতে পানি প্রবেশ করতে পারছে না।স্থানীয় ব্যক্তিরা জানান, গত বর্ষা মৌসুমের পরপরই কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হজরত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হাই আকন্দ, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক লিয়াকত আলী তালুকদার ও যুবলীগের নেতা রফিকুল ইসলাম তালুকদার যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন। তাঁরা ড্রেজারে যমুনা থেকে বালু তুলে বার্জযোগে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের এক কিলোমিটার পশ্চিমে আনেন। সেখান থেকে পাইপের সাহায্যে নতুন ধলেশ্বরীর উৎসমুখে বালু ফেলে ট্রাকযোগে বিক্রি করেন। বালু বিক্রির সুবিধার্থে তাঁরা নতুন ধলেশ্বরীর উৎসমুখে যাতায়াতের জন্য নদী ভরাট করে রাস্তাও করেছেন। গত এপ্রিলের শেষ দিকে যমুনা থেকে নতুন ধলেশ্বরী নদীতে পানি প্রবেশ শুরু করলে উৎসমুখের বেলটিয়া এলাকায় বাঁধ নির্মাণ করে পানির প্রবেশ বন্ধ করে দিয়েছেন।টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউনুস মিয়া বলেন, এভাবে নদীর উৎসমুখে বাঁধ দিয়ে রাখলে জলজ প্রাণী বিশেষ করে মাছের উৎপাদন ব্যাহত হবে, প্রাণবৈচিত্র্য হারিয়ে যাবে। কৃষি ও সামাজিক পরিবেশব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।১৩ জুন নতুন ধলেশ্বরীর উৎসমুখে গিয়ে দেখা যায়, যমুনা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নতুন ধলেশ্বরীতে বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের একপাশে টইটুম্বুর পানি। অপর পাশে শুকনো। সেখানে যমুনা থেকে পাইপের মাধ্যমে বালু এনে ফেলা হচ্ছে। পাশেই নতুন ধলেশ্বরীতে তিনটি ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। বালুর স্তূপের কাছে লাইনে দাঁড়িয়ে আছে ১৫টি ট্রাক। ট্রাকে স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে বালু ভরে দেওয়ার পর এক এক করে চলে যাচ্ছে। আবার সেখানে নতুন ট্রাক এসে লাইনে দাঁড়াচ্ছে।সেখানে কর্মরত জালাল উদ্দিন জানান, প্রতিদিন চার শতাধিক ট্রাক বালু এখান থেকে বিক্রি হচ্ছে। বাঁধ দেওয়ায় প্রশাসন কিছু বলে না—প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই বালুর পয়সা খায় না কোন ব্যাটা!’স্থানীয় লোকজন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা নদীতে সেতু নির্মাণের সময় নদী শাসনের আওতায় ধলেশ্বরীর উৎসমুখ বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই সেতুর প্রায় এক কিলোমিটার দক্ষিণে একটি সরু খাল নদীতে রূপান্তরিত হয়ে নতুন উৎসমুখে পরিণত হয় এবং তা মূল ধলেশ্বরীর সঙ্গে যুক্ত হয়। এই নদীটিকে পাউবো নতুন ধলেশ্বরী নামকরণ করে।নতুন ধলেশ্বরীর তীর ধরে উৎসমুখ থেকে টাঙ্গাইল হয়ে বাসাইল উপজেলার নথখোলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার ঘুরে দেখা যায়, পুরো নদীর কোথাও পানি নেই। কালিহাতীর জোকারচর এলাকায় কথা হয় রফিক মিয়া ও সোনা মিয়ার সঙ্গে। তাঁরা জানান, এপ্রিলের শেষ দিকেই নদীতে পানি এসে যায়। কিন্তু উৎসমুখে বালু ব্যবসায়ীরা বাঁধ দেওয়ায় এবার পানি আসতে পারছে না।কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম তালুকদার বলেন, এই বাঁধের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। গত ২৮ মে কালিহাতী উপজেলা পরিষদের সমন্বয়ে কমিটির সভায় তিনি বিষয়টি তুলে ধরলে বাঁধটি কেটে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে এখনো তা বাস্তবায়িত হয়নি।এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পাল বলেন, সমস্যার সম্মুখীন হওয়ায় কাটা যায়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হাই আকন্দ মুঠোফোনে বলেন, ‘বালু ব্যবসার সঙ্গে আমি নামেই আছি, কামে নাই।’ যুবলীগের নেতা রফিকুল ইসলাম তালুকদার বলেন, কয়েক দিনের মধ্যেই বাঁধটি কেটে দেওয়া হবে। হজরত আলী তালুকদার কোনো মন্তব্য না করে ফোন রেখে দেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, এভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার আহ্বায়ক সেকান্দার হায়াত বলেন, কয়েকজন ব্যক্তি নিজেদের স্বার্থে নদীর উৎসমুখ বন্ধ করেছেন। তাঁরা যত প্রভাবশালীই হোক, পরিবেশ রক্ষার স্বার্থে বাঁধ কেটে দেওয়া এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।