অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর পৌর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী ও পাঁচজন কর্মীকে মারধর ও অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীদের অভিযোগ, গাইবান্ধা সদর পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সদস্য ইউনুছ আলীর নেতৃত্বে তাঁর লোকজন এ ঘটনা ঘটায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপসহকারী প্রকৌশলী আইয়ুব আলী, লাইনম্যান আমিনুল ইসলাম, সাহায্যকারী ইউনুস আলী, ইলেকট্রিশিয়ান হাফিজুর রহমান, বিনয় কুমার ও হাফিজার রহমান পিকআপ ভ্যান নিয়ে শহরের কুঠিপাড়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত করতে যান। এ সময় তাঁরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সদস্য ইউনুস আলীর মালিকানাধীন হাঁস-মুরগির খামারে বিদ্যুতের অবৈধ সংযোগ দেখতে পেয়ে বিচ্ছিন্ন করেন। এ সময় খামারের কেয়ারটেকার মুঠোফোনে ঘটনাটি কাউন্সিলরকে জানান। খবর পেয়ে কাউন্সিলর তাঁর লোকজন নিয়ে প্রকৌশলী আইয়ুব আলীসহ ছয়জনকে খামারের ভেতর আটকে রেখে মারধর করেন। সেখানে তাঁদের তিন ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় কাউন্সিলরের লোকজন বিদ্যুৎ বিভাগের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে। এ ঘটনায় কাউন্সিলর ইউনুস আলীসহ ছয়-সাতজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন উপসহকারী প্রকৌশলী আইয়ুব আলী। মামলার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, কাউন্সিলর ইউনুস আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেকেন্দার আলী বলেন, বিদ্যুৎকর্মীদের মারধর ও পিকআপ ভ্যানটি ভাঙচুর করায় বিদ্যুৎ বিভাগের জরুরি কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। কাউন্সিলর শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।