অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে চট্টগ্রামের আগ্রাবাদ ও হাটহাজারীতে ২৭টি সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হয়েছে। একই সঙ্গে ১ লাখ ৮৫ হাজার ৭৮৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন ও মোহাম্মদ হাসান গতকাল সোমবার ও গত রোববার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, সোমবার বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদের আওতাধীন নিমতলার বিভিন্ন এলাকা ও হাজী ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ১৮ লাখ টাকা বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, এর আগে গত রোববার ভ্রাম্যমাণ আদালত হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালান। সাত লাখ টাকা বকেয়া ও অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে সেখানে ১৩ জনের বিরুদ্ধে মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া তাঁদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।