অবৈধ বিদ্যুৎ-সংযোগে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ইটভাটার অবৈধ বিদ্যুৎ-সংযোগের তারে স্পৃষ্ট হয়ে মো. রুবেল (২২) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা রুবেলের লাশ নিয়ে বিক্ষোভ করে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মধ্য নরসিংহপুর এলাকার মো. রুবেল গরু চরাতে মাঠে যান। এ সময় বাঁশের খুঁটির সাহায্যে এসএসআর ব্রিক নামের একটি ইটভাটায় নেওয়া বিদ্যুৎ-সংযোগের তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার লোকজন রুবেলের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে ক্ষুব্ধ জনতা কাশীপুর-নরসিংহপুর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।এলাকার অনেকে জানান, আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের খালুশ্বশুর আবদুল গফুর ওরফে রাজা মিয়া ওই ইটভাটার মালিক। এলাকাবাসীর অভিযোগ, শামীম ওসমানের রাজনৈতিক ক্ষমতার জোরে আবদুল গফুর ডিপিডিসির বৈদ্যুতিক খুঁটি থেকে বাঁশের খুঁটির সাহায্যে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে ইটভাটা চালাচ্ছেন। এর আগেও কয়েকবার এই অবৈধ সংযোগ ছিঁড়ে কয়েকজন আহত হয়েছে।ডিপিডিসির নারায়ণগঞ্জ (পশ্চিম) অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শহীদুল মান্নান চৌধুরী বলেন, এসএসআর ব্রিক নামের ওই ইটভাটার মালিক অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন। ইতিপূর্বে কয়েকবার অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।এ ব্যাপারে বক্তব্য জানতে ইটভাটার মালিক আবদুল গফুরের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম গতকাল বিকেলে বলেন, এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি জানান, ইটভাটার মালিক ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় রুবেলের পরিবার এ ঘটনায় এখনো মামলা করেনি।এসআই জানান, রুবেলের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।