অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা স্বীকার করলেন প্রকৌশলী!
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন চুয়াডাঙ্গায় বিদ্যুতের অবৈধ সংযোগের কথা আদালতে স্বীকার করেছেন। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতের কাছে তিনি সময় প্রার্থনা করায় বিচারক মো. আশরাফ আলী তা মঞ্জুর করে সাত দিন সময় বেঁধে দেন। এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে সংযোগ বিচ্ছিন্নসহ আদালতে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।বিদ্যুতের সমবণ্টন এবং যেসব গ্রাহকের অবৈধ (দুই ফিডার থেকে) সংযোগ আছে, তা বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে বিদ্যুৎ বিভাগের চার কর্মকর্তাকে বিবাদী করে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ মো. আশরাফ আলীর আদালতে ২২ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলী, ঝিনাইদহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও খুলনার ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়। আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন রোববার আদালতে হাজির হন। অবৈধ বিদ্যুৎসংযোগের বিষয়টি স্বীকার করে আদালত থেকে বের হওয়ার পর তিনি জনরোষের মুখে পড়েন। আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, খুব শিগগির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হবে।