অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ৫ জন অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎ সমিতির এক সহকারী ব্যবস্থাপকসহ পাঁচজনকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সিমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের সারোয়ার মিয়া ওরফে মানিকের বাড়িতে অভিযান চালায় পবিসের হোমনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রাজন কুমার দাসের নেতৃত্বে একটি দল। এ সময় সারোয়ার মিয়া ও তাঁর লোকজন পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে তাঁর বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। রাতেই সারোয়ার মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল সোমবার সকালে হোমনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মকর্তাদের কাছে মুচলেকা দিয়ে সারোয়ার মিয়া মুক্তি পান।