অবৈধ বিলবোর্ড অপসারণ
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে আটটি বিলবোর্ড ও ২২টি ইউনিপোল (ছোট খুঁটিতে লাগানো বিলবোর্ড) অপসারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন ও পুলিশের অভিযানে এগুলো অপসারণ করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, দিনব্যাপী অভিযানে কাজীর দেউড়ি মোড় থেকে এম এ আজিজ স্টেডিয়াম পর্যন্ত ফুটপাত থেকে আটটি বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া কাজীর দেউড়ি থেকে ওয়াসা মোড় পর্যন্ত এলাকা থেকে ২২টি ইউনিপোল উচ্ছেদ করা হয়।
অভিযানে এসব বিলবোর্ডের নিয়ন্ত্রক তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ওশান অ্যাডকে ১৫ হাজার টাকা, অ্যাড গার্ডেনকে ১৫ হাজার টাকা ও মোবিলিংককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, অবৈধ বিলবোর্ড উচ্ছেদে এই অভিযান চলবে।