অবৈধ বিলবোর্ড অপসারণে আজ থেকে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন আজ সোমবার সকাল থেকে আবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে। প্রথম দিন নগরের ২ নম্বর গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, করপোরেশনের রাজস্ব বিভাগের আটটি সার্কেল ১ হাজার ৩৩টি অবৈধ বিলবোর্ডের তালিকা করেছে। এই তালিকা ধরে অভিযান পরিচালনা করা হবে।
গত ২৫ মে সিটি করপোরেশনের রাজস্ব ও সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাদের বিলবোর্ডের নবায়ন ও অনুমতি বন্ধ রাখার নির্দেশ দেন।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে নগরের বৈধ-অবৈধ বিলবোর্ডের তালিকা করা হয়। এ তালিকা অনুযায়ী নগরে বৈধ বিলবোর্ড রয়েছে ৪২৯টি ও অবৈধ বিলবোর্ডের সংখ্যা ১ হাজার ৩৩টি।
এদিকে সিটি করপোরেশন নগরের অননুমোদিত ও নীতিমালা বহির্ভূত সব বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য গত ২১ মে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এতে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে সরিয়ে নেওয়া না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হয়।
সিটি করপোরেশন ও নগর পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর সিটি করপোরেশন ৪২২টি অবৈধ বিলবোর্ডের তালিকা করে।
গত বছরের ১৬ নভেম্বর সিটি করপোরেশনের সহযোগিতায় এসব বিলবোর্ড অপসারণ শুরু করে নগর পুলিশ।
তবে অবৈধ বিলবোর্ড আর নেই জানিয়ে ৩ ডিসেম্বর মাঝপথে ওই অভিযান বন্ধ করে দেয় সিটি করপোরেশন। ওই সময় ১০টি অভিযানে ৬১টি বড় ও ২২টি ছোট আকারের বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযান শুরুর আগেই নিজ উদ্যোগে ৬৬টি বিলবোর্ড
সরিয়ে নেয় মালিক প্রতিষ্ঠানগুলো। এরপর পুলিশ গত জানুয়ারি মাসে অভিযান চালিয়ে ৩০টি বিলবোর্ড অপসারণ করে।