অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবৈধভাবে স্থাপন করা বিলবোর্ড ও ইউনিপোল (বড় খুঁটির ওপর স্থাপন করা বিলবোর্ড) অপসারণ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।গত বৃহস্পতিবার রাতে বনানী, কুড়িল বিশ্বরোড, কাকলী ও প্রগতি সরণি এলাকায় নয়টি বিলবোর্ড ও ইউনিপোল অপসারণ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ। অভিযানের শুরুতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তেজগাঁও রেইনবো মোড়ের কাছে স্থাপিত একটি ইউনিপোল অপসারণে ডিসিসির ক্রেন বসানো হয়। একপর‌্যায়ে অভিযান পরিচালনাকারীরা জানান, ইউনিপোলের নিচে উচ্চক্ষমতার বিদ্যুতের তার থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে এটি অপসারণ করতে হবে। পরে তাঁরা জানান, পার্শ্ববর্তী মসজিদে ওয়াজ মাহফিল চলায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। ইউনিপোলটি পরে অপসারণ করা হবে।ইউনিপোলের বিষয়ে জানতে তাতে বিজ্ঞাপন দিতে যোগাযোগের জন্য উল্লেখ করা দুটি মুঠোফোন নম্বরের একটিতে গতকাল শুক্রবার ফোন করা হয়। অপর প্রান্ত থেকে নিজেকে সোহেল অমিতাভ পরিচয় দিয়ে একজন প্রথম আলোকে জানান, ইউনিপোলটি তিনিই স্থাপন করেছেন। সিটি করপোরেশনে সব কর জমা দেওয়া আছে। সে জন্যই অপসারণ করা হয়নি।অভিযানকারী দল নিকেতনে আবাসিক ভবন ঢেকে ফেলা একটি বিলবোর্ড অপসারণ করতে যায়। কিন্তু তাদের ক্রেন ও যানবাহন সেখানে প্রবেশ করতে না পারায় সেটিও অপসারণ করা যায়নি। এরপর অভিযানকারীরা বনানী, কুড়িল বিশ্বরোড, কাকলী ও প্রগতি সরণিতে ছয়টি বড় বিলবোর্ড ও ইউনিপোল এবং তিনটি বিলবোর্ড অপসারণ করেন। অভিযানে অংশ নেওয়া ডিসিসির একজন কর্মকর্তা জানান, নিকেতনের বিলবোর্ড দিনের বেলা অপসারণ করতে হবে। তেজগাঁওয়েরটিও পরে অপসারণ করা হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে নয়টি বিলবোর্ড ও ইউনিপোল অপসারণ করা হয়েছে। বিদ্যুতের তারের কারণে একটি এবং ক্রেন নিতে অসুবিধা হওয়ায় অন্য একটি বিলবোর্ড অপসারণ করা যায়নি। পরে এগুলো অপসারণ করা হবে।