অবৈধ বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন এ বছরের জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার পর বৈধ বিলবোর্ডগুলোর মেয়াদ আর নবায়ন করেনি। দুই সিটি করপোরেশন সব অবৈধ বিলবোর্ড অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিলবোর্ড ব্যবসায়ীরা অভিযোগ করছেন, নবায়ন না করে বৈধ বিলবোর্ডকেও অবৈধ বানিয়ে উচ্ছেদ করছে সিটি করপোরেশন।
বিলবোর্ড ব্যবসায়ীদের প্রতিবছর সিটি করপোরেশনের কাছ অনুমোদন নিতে হয়। এ বছর ৩১ জুলাই মেয়াদ শেষ হওয়ার পরে দুই সিটি করপোরেশনই বিলবোর্ডের মেয়াদ নবায়ন করেনি। ফলে রাজধানীর সব বিলবোর্ডই এখন আইনগতভাবে অবৈধ। তবে ব্যবসায়ীদের দাবি, তাঁরা নবায়ন করাতে সিটি করপোরেশনে গিয়েছিলেন।
রাজধানীর বিলবোর্ডগুলোর মধ্যে ইউনিপোল (একটি খাম্বার ওপর নির্মিত) বিলবোর্ড যেমন আছে, তেমনি বাসার ছাদে কয়েকটি খাম্বার সমন্বয়ে স্থাপন করা বিলবোর্ডও আছে। জনগণের নিরাপত্তার জন্য ইউনিপোলগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলো আগে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গতকাল প্রথম আলোকে বলেন, ‘নতুন করে নবায়ন না করায় এ মুহূর্তে আমার এলাকার সব বিলবোর্ড অবৈধ। ইউনিপোলগুলো উচ্ছেদ করতেই হবে। বিলবোর্ড ব্যবসায়ীদের ইউনিপোলগুলো সরানোর জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা না সরিয়ে নানা কর্মসূচি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘ইউনিপোলগুলো এবং জনগণের জীবনের জন্য যেসব বিলবোর্ড হুমকি, সেগুলো অপসারণের পরে ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে।’
গত ১ জুলাই উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় ৩১ জুলাইয়ের মধ্যে সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে বিলবোর্ড সরানোর কোনো উদ্যোগ নেননি।
বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাশেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো অবৈধ বিলবোর্ড নেই। অবৈধ বিলবোর্ড অপসারণের কাজে আমরাও সহযোগিতা করতে চাই। কিন্তু এভাবে বৈধ বিলবোর্ডগুলোও নবায়ন না করলে ব্যবসায়ীরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বে।’
ডিএনসিসির হিসাবে বৈধ বিলবোর্ডের সংখ্যা ১ হাজার ৯১১। ডিএসসিসির বৈধ বিলবোর্ডের সংখ্যা ৪৭৬। আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন হলেও বৈধ-অবৈধ বিলবোর্ডের পরিসংখ্যান তাদের কাছে নেই। হাজারো অবৈধ বিলবোর্ডের মধ্যে বৈধ বিলবোর্ড কোনগুলো তা বের করাই সিটি করপোরেশনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বে থাকা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো কোনো বিলবোর্ড উচ্ছেদ করিনি। ব্যবসায়ীদের অবৈধ বিলবোর্ডগুলো সরিয়ে নিতে বলেছি। বাড়ির ছাদে হাজারো বিলবোর্ড, যেগুলোর ৯৫ শতাংশই অবৈধ। আমরা চিঠি দিয়ে এগুলো সরিয়ে নিতে বলেছি। বিলবোর্ড বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হবে। বৈধ বিলবোর্ডগুলো নবায়ন করা হয়নি, তাই সেগুলোর আইনগত বৈধতাও নেই। আমরা সুন্দর ঢাকা গড়ে তুলতে চাই।’
সিটি করপোরেশন সূত্র জানায়, রাজধানীর কোন রাস্তায়, কী ধরনের, কতটি বিলবোর্ড স্থাপন করা যাবে তার সুনির্দিষ্ট একটি নীতিমালা ও পরিকল্পনা তৈরির লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পরিবেশবিদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি, বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘এত বিশৃঙ্খল ও সৌন্দর্যহানিকর বিলবোর্ড পৃথিবীর বড় কোনো শহরে নেই। এটা বন্ধ করা উচিত। ব্যবসায়ীদের সময় দিয়েছে, দরকার হলে সময় বাড়াবে। কিন্তু নির্দিষ্ট জায়গা, সংখ্যা ও আকার ঠিক করে, দৃষ্টিনন্দন ও নিরাপদভাবে পরিকল্পনার মধ্যে বিলবোর্ডগুলো আনতে হবে।’
বিলবোর্ড ব্যবসায়ীদের মানববন্ধন: দুই সিটি করপোরেশন কর্তৃক বৈধ বিলবোর্ড উচ্ছেদের প্রতিবাদে গত বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আকস্মিক ও একতরফাভাবে বৈধ বিলবোর্ড সরিয়ে ফেলছে ঢাকার দুই সিটি করপোরেশন।