ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করতে এসে ফিরে গেছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কর্মকর্তারা। শুক্রবার রাতে এই বিলবোর্ডগুলো উচ্ছেদের অভিযানে এসেছিলেন তাঁরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অজ্ঞাত হুমকির কথা বলে ডিসিসির কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরুর কিছুক্ষণ পরেই চলে যান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস সত্ত্বেও তাঁরা আর ফিরে আসেননি। অভিযানও চালাননি। ফলে অবৈধ বিলবোর্ডগুলো আগের মতোই আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, ডিসিসির একশ্রেণীর অসাধু কর্মকর্তা ক্যাম্পাসের অবৈধ বিলবোর্ডগুলো থেকে আর্থিক সুবিধা পান। এর সঙ্গে ছাত্রলীগের কিছু নেতাও জড়িত। এই দুই পক্ষ পরস্পরের যোগসাজশে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ১২টি বিলবোর্ডকে ঝুঁকিপূর্ণ মনে করে এগুলো উচ্ছেদের জন্য বিলবোর্ড মালিকদের কয়েকবার চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বিজ্ঞাপনী সংস্থাগুলো তা সরিয়ে না নেওয়ায় ২৩ মার্চ ডিসিসির সহায়তা চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরেই শুক্রবার বিলবোর্ডগুলো উচ্ছেদ অভিযানে আসে ডিসিসির একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পুলিশ ও ডিসিসির দল অভিযান শুরু করে। এ সময় সেখানে ব্যাবসায়ীদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কামরুজ্জামান ও শহীদুল্লাহ হলের ছাত্রলীগের এক শীর্ষ নেতা ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সেখানে মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মহড়া দেয়। এর পরপরই ডিসিসি অভিযান বন্ধ করে চলে যায়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম টিএসসিতে এসে ডিসিসির প্রধান নগরপরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় অভিযান শুরুর জন্য অনুরোধ করেন। পরে উপাচার্যও ঘটনাস্থলে আসেন। কিন্তু ডিসিসি আর অভিযান চালায়নি। প্রক্টর সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিসিসি যে অভিযান চালাতে আসবে, সেটি বিশ্ববিদ্যালয়কে আগে জানায়নি। কাদের হুমকিতে কেন তারা চলে গেল সেটিও পরিষ্কার নয়। রাতে তাদের আবার অভিযান শুরুর জন্য বলা হলেও তারা সেটা করেনি। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ নেতা কামরুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে আমার কোনো বিলবোর্ড ব্যবসা নেই। তবে বাইরে আমার কিছু বিলবোর্ড আছে। আমিও চাই, ক্যাম্পাসের অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হোক। কারণ, এগুলো বিএনপির সময়ের।’ রাতের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযানের সময় আমি ব্যবসায়ীদের সঙ্গে ছিলাম। ডিসিসির কারও সঙ্গে কথা হয়নি। হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। টাকা-পয়সা খেয়ে তারা এখন ছাত্রলীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’ ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, অসুস্থ থাকায় রাতে তিনি অভিযান পরিচালনা দলে ছিলেন না। তবে ডিসিসির ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছিলেন। ডিসিসির ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের উচিত ছিল সবার সঙ্গে কথা বলে উচ্ছেদ অভিযান শুরু করা। কিন্তু সেটি করা হয়নি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযান চালানোর আগে ডিসিসি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারও সঙ্গে কথা বলেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না, এই অবৈধ বিলবোর্ডগুলো থাকুক। তারা অবৈধ বিলবোর্ড অপসারণ করতে এসে অভিযান না চালিয়েই ফিরে গেছে। এটি ঠিক নয়।রাজধানীতে অনুমোদন ছাড়া হাজার দুয়েক বিলবোর্ড আছে। ডিসিসি সূত্রে জানা গেছে, অনুমোদনহীন বিলবোর্ডের কারণে নগরে যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তা ঝুঁকিতে আছে সাধারণ মানুষ। কারণ, সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে। ফেব্রুয়ারি মাসে গুলশানে এমনি একটি বিলবোর্ড ভেঙে দুজন নিহত হন। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলাও হয়।