অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ শুরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ব্যানারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আজ মঙ্গলবার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দোকানপাট, বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের নিচে উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল। এ সময়ে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিব কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, এনডিসি কুদরত-ই-খুদাসহ সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। প্রার্থী যে দলেরই হোক, সবার জন্য সমান সুযোগ থাকবে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় বা রাস্তায় যেসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছেন, তা দ্রুততম সময়ের মধ্যে নিজ দায়িত্বে তাঁদের সরিয়ে নিতে হবে। তা না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ১ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর হস্তে দমন করা হবে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।