অবৈধ বিলবোর্ড সরাতে দ্বিতীয়বার অনুরোধ
চট্টগ্রাম মহানগরের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে দুই মাস আগেই অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু এ পর্যন্ত একটি বিলবোর্ডও সরানো হয়নি। গতকাল সোমবার বিলবোর্ডের মালিকদের সঙ্গে বৈঠক করে নগর কর্তৃপক্ষ অবৈধ বিলবোর্ড সরাতে মালিকদের আরও একবার অনুরোধ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়র, কাউন্সিলর ও সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা গতকাল বিলবোর্ডের মালিকদের সঙ্গে বৈঠক করেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। বৈঠকে বিলবোর্ডের নীতিমালা চূড়ান্ত ও অবৈধ বিলবোর্ড চিহ্নিত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে চারজন সিটি করপোরেশনের পক্ষে এবং তিনজন থাকবেন বিলবোর্ডের মালিক। কমিটির সিটি করপোরেশনের চারজন হলেন: ১ নম্বর প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আজম, সিরাজুল ইসলাম ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী। বিলবোর্ড মালিকদের তিনজন প্রতিনিধির মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিলবোর্ড মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন ওরফে বাচ্চু, সমিতির সভাপতি ফরিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বৈঠক সূত্র জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে বিলবোর্ড স্থাপনের নীতিমালা চূড়ান্ত করার পর কমিটির সদস্যরা নগরের অবৈধ বিলবোর্ড চিহ্নিত করবেন। এরপর সেগুলো সরিয়ে নেওয়ার জন্য মালিকদের বলা হবে। না সরালে সিটি করপোরেশন তা উচ্ছেদের উদ্যোগ নেবে। তবে এ জন্য কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আজকের (সোমবার) বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। এতে প্রায় ২০ জন বিলবোর্ড মালিক উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর নগর কর্তৃপক্ষ টাইগারপাস মোড় থেকে ছয়টি অবৈধ বিলবোর্ড অপসারণ করে। তখন ঘোষণা দেওয়া হয়, এখন থেকে প্রতি সপ্তাহে একবার অবৈধ বিলবোর্ড অপসারণের অভিযান চলবে। কিন্তু এরপর আর একটিও অভিযান হয়নি। উল্টো এ সময়ে শহরে আরও অবৈধ বিলবোর্ড বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিলবোর্ড সমিতির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ডের নীতিমালার একটি খসড়া তৈরি করেছে সিটি করপোরেশন। সেটি অনুমোদন করার আগে আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে কর্তৃপক্ষ। তা ছাড়া অবৈধ বিলবোর্ড অপসারণে আমাদের সহযোগিতা চেয়েছে তারা। আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব।’