বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ফলে কোনো ভালো বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হবে না। তবে যাঁরা শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে ও পারিবারিক মালিকানায় বিশ্ববিদ্যালয় চালাতে চান, তাঁরা সমস্যার মুখে পড়তে পারেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি ধর্মগ্রন্থের মতো নয়। ভবিষ্যতে এতে সংশোধন ও সংযোজনের সুযোগ থাকবে। তিনি আরও বলেন, ‘আশা করছি সংসদের চলতি অধিবেশনেই আইনটি পাস হবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘এমন একটি ধারণা তৈরি হয়েছে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের প্রতিষ্ঠান। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছে, সবাই এ দেশেরই সন্তান। তাদের গুণগত মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে আইনটি প্রণয়ন করা হচ্ছে।’শিক্ষামন্ত্রী অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেকেই এমন বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে প্রতারিত হয়েছেন। যাঁরা এমন প্রতারণার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ চূড়ান্ত করলেও তা জাতীয় সংসদ অনুমোদন করেনি। তখন মালিকপক্ষ বিষয়টি নিয়ে আরও আলোচনা-পর্যালোচনার দাবি জানিয়েছিল।ব্রিফিংয়ে বলা হয়, চলতি বছর থেকে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা সারা দেশে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে। আলাদাভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।শিক্ষামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ১১২ কোটি টাকা বরাদ্দ আছে। কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত হলেও এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার ৬৯৩টি। এই বাজেটে এত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব নয় বলে মন্ত্রী জানান। তিনি বলেন, এমপিওভুক্তির জন্য যেসব শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলো বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হবে।ব্রিফিংয়ে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।