বিভক্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির ১৩ শাখায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী
অবৈধ বিশ্ববিদ্যালয়ের পাশে ছয় মন্ত্রী-সাংসদ
প্রায় দুই দশক ধরে অবৈধভাবে চলছে বিশ্ববিদ্যালয়টি৷ সম্প্রতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে কথিত এই শিক্ষাপ্রতিষ্ঠান৷ এখন এর একাংশকে অনুমোদন দিতে ছয় মন্ত্রী-সাংসদ সুপারিশ করেছেন। অপর অংশের সঙ্গে আছেন একজন মন্ত্রীর স্ত্রী৷
প্রিমিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের এই বিশ্ববিদ্যালয়ের দুই অংশের শিক্ষার্থী প্রায় সাড়ে ১০ হাজার৷ সারা দেশে এর শাখা ১৩টি।
২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, কেউ অবৈধভাবে বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শাখা চালালে এর শাস্তি জেল ও জরিমানা। ২০০৭ সাল থেকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা নিষিদ্ধ। অথচ সাইনবোর্ড টাঙিয়ে অবৈধ এসব শাখা সনদ বিক্রি করছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যোগাযোগ করে এই অবৈধ বিশ্ববিদ্যালয়, এর এতগুলো শাখা ও শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি৷ অথচ এ ধরনের জালিয়াতি ঠেকানো, অবৈধ বিশ্ববিদ্যালয় ও সনদ বেচাকেনা বন্ধ করার মূল দায়িত্ব মন্ত্রণালয় ও ইউজিসির৷
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কেউ আবেদন করতে পারেন৷ অনুমতি দেওয়ার আগে তা তদন্ত করে দেখা হবে৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বৈধ প্রতিষ্ঠান মামলা করে শাখা চালাচ্ছে৷ এর বাইরে কোনো অবৈধ প্রতিষ্ঠান চলছে কি না, তা মন্ত্রণালয়ের জানা নেই৷
অনুসন্ধানে জানা গেছে, এখন অবৈধ বিশ্ববিদ্যালয়টির দুই অংশের দুজন চেয়ারম্যান৷ মূল উদ্যোক্তা এম এন হক সরকারের অনুমোদন পেতে ঘুষ বাবদ অন্যান্য উদ্যোক্তার কাছ থেকে ৪৯ লাখ টাকা নিয়েছেন। গত জানুয়ারির মধ্যে তিনি বৈধতা পেয়ে যাবেন—এমন আশ্বাস তিনি অন্য উদ্যোক্তাদের দিয়েছিলেন। কিন্তু তা পারেননি, ঘুষের টাকা ফেরতও দেননি৷ এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। অপর অংশের চেয়ারম্যান কুদ্দুস শিকদার আলাদা একটি ট্রাস্ট গঠন করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে আবেদন করেছেন।
জানতে চাইলে এম এন হক প্রথম আলোকে বলেন, তিনি ঘুষ হিসেবে টাকা নেননি। তাঁর অভিযোগ, কুদ্দুস শিকদারসহ কয়েকজন পুরান ঢাকায় (২-৪/৩, ইংলিশ রোড) অবস্থিত শাখাটি তাঁর কাছ থেকে ইজারা নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী আয়ের ৩০ শতাংশ তাঁকে দেওয়ার কথা। কিন্তু টাকা না দিয়ে উল্টো শাখাটি দখল করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুদ্দুস শিকদার বলেন, উনি অবৈধ বিশ্ববিদ্যালয়কে বৈধ করার কথা বলে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে কাজও করেননি, টাকা ফেরতও দেননি। এরপর তাঁরা নতুন ট্রাস্ট গঠন করে বৈধতা পাওয়ার জন্য আবেদন করেছেন।
এ রকম একটি বিতর্কিত প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী-সাংসদেরা৷ কুদ্দুস শিকদারের নেতৃত্বাধীন অংশের বৈধতা চেয়ে আবেদনে সুপারিশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান রাশেদ খান মেনন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সুপারিশকারী দুই সাংসদ হলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং বর্তমানে ওই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এবং অপরজন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী।
আবার এম এন হকের নেতৃত্বাধীন অংশের পাশে আছেন নৌমন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম। এম এন হক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন৷ এ প্রসঙ্গে জানতে চাইলে নৌমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘এ তো দেখি এরশাদের মতো অবস্থা, দুজন দুপক্ষে থাকেন৷ আসলে আমার স্ত্রী কলেজ শিক্ষক৷ তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি হলে আমি জানতাম৷ আরেক পক্ষের প্রস্তাবে তিনি হয়তো সই করেছেন৷’
ভূমিমন্ত্রী শামসুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি সুপারিশ করেছেন। কিন্তু সুপারিশ করলেই অনুমতি পাবে, এমনটা নয়।
রাশেদ খান মেননের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সুপারিশের সইটি মন্ত্রীর৷ অপর দুই মন্ত্রীরও স্বাক্ষর মিলিয়ে তাঁদের সুপারিশ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
পিস ব্লেন্ড থেকে প্রিমিয়ার: ১৯৯২ সালে পিস ব্লেন্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি অবৈধ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এর বিরুদ্ধে উচ্চশিক্ষার নামে প্রতারণা ও সনদ বিক্রির ব্যাপক অভিযোগ ছিল। এর চেয়ারম্যান এম এন হক ভুয়া সনদ বিক্রির অভিযোগে জেলও খেটেছেন। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং গণমাধ্যমের কারণে ওই নামে আর বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব হচ্ছিল না।
প্রায় অর্ধযুগ পর পিস ব্লেন্ড নাম পাল্টে এম এন হক নতুন নাম দেন প্রিমিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন দেশের ছয়টি এলাকায় সাতটি শাখা নিয়ে তাঁর এই অবৈধ বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এসব শাখায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।
এম এন হকের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহীতে দুটি শাখায় প্রায় ৭০০, বগুড়া শাখায় ৩০০, নাটোরে ৩০০, ময়মনসিংহ শাখায় ৫০ ও রংপুর শাখায় ২০০ শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া ঢাকার উত্তরা শাখায় দূরশিক্ষণের প্রায় তিন হাজার শিক্ষার্থী আছে। উত্তরায় ক্লাস হয় না।
অবৈধ বিশ্ববিদ্যালয়ের এতগুলো অবৈধ শাখা চালানো কারণ জানতে চাইলে এম এন হক বলেন, আগে তাঁর ১৫টি শাখা ছিল। এখন কমে সাতটি হয়েছে। আর পুরান ঢাকার শাখাটি ইজারা দিতে গিয়ে বেদখল হয়ে গেছে। তিনি বলেন, অনুমতি চেয়ে পাননি বলেই তিনি বিশ্ববিদ্যালয় চালিয়ে যাচ্ছেন এবং অনুমতির চেষ্টা করছেন।
বিভক্ত প্রিমিয়ার: দুই পক্ষই ‘প্রিমিয়ার’ নামটি ধরে রাখতে চায়। এক অংশের নেতৃত্ব দেওয়া কুদ্দুস শিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে এম এন হক কোনো দিনই বিশ্ববিদ্যালয়ের অনুমতি পাবেন না। এ জন্য আমরা কয়েকজন মিলেই নতুন উদ্যোগ নিয়েছি।’ তিনি অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী। সরকারি দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ছয় মন্ত্রী ও সাংসদের সুপারিশ নেওয়ার তারিখ গত ১৩ ও ১৪ মে। শিক্ষাসচিবের দপ্তর ২৫ মে তাঁদের সুপারিশসহ প্রকল্প প্রস্তাব জমা নিয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, অবৈধ বিশ্ববিদ্যালয়টির এই অংশে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। পুরান ঢাকায় (২-৪/৩, ইংলিশ রোড) প্রধান ক্যাম্পাসের ঠিকানা দেওয়া হয়েছে। এর আরও ছয়টি শাখা রয়েছে দেশের বিভিন্ন এলাকায়।
এই অংশের উদ্যোক্তারা জানান, পুরান ঢাকার মূল ক্যাম্পাসে প্রায় ১০০ শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লাসহ ছয়টি এলাকায় বিশ্ববিদ্যালয়টির শাখা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, যে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেই, সেখানে ছয় হাজার ছাত্র এবং ছয়টি অবৈধ শাখা থাকার পর নতুনভাবে অনুমতি চাওয়ার বিষয়টি হাস্যকর।
এম এন হক বলেছেন, তিনিই এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও চেয়ারম্যান। নতুনভাবে ট্রাস্ট গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আবেদনের প্রস্তুতি নিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন উদ্যোগের সঙ্গে নৌমন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম এবং স্বর্ণ ব্যবসায়ী দেওয়ান মতিন চৌধুরী আছেন। এ ছাড়া তাঁর তিন মেয়ে, দুই ছেলে এবং দুই মেয়ের জামাই থাকবেন ট্রাস্টি বোর্ডে।
ইউজিসির বক্তব্য: ইউজিসিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখভালের দায়িত্বে নিয়োজিত সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, অবৈধ বিশ্ববিদ্যালয় এবং এর শাখা বন্ধ করার ক্ষমতা ইউজিসির নেই। কমিশনের পক্ষ থেকে কিছুদিন আগেও সব জেলা প্রশাসককে অবৈধ বিশ্ববিদ্যালয়গুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, কোনো কোনো জেলায় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। কিন্তু অধিকাংশ এলাকায় স্থানীয় প্রশাসনকে হাত করে প্রতারক চক্র শিক্ষা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
এই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে শিবলী বলেন, ‘বৈধ কয়েকটি বিশ্ববিদ্যালয়কেও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আর এ ধরনের অবৈধ বিশ্ববিদ্যালয়ের হিসাব তো কমিশনের হাতে নেই।’