অবৈধ ব্যবসা বেগবান করতে নদে সড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি সরকারি দলের লোক। তাই তিনি নদ থেকে অবাধে বালু উত্তোলন ও মাটি কেটে বিক্রি করছেন। কারও কিছু বলার সাহস নেই। এখন ওই নদ আড়াআড়িভাবে বন্ধ করে দিয়ে এই অবৈধ ব্যবসা বেগবান করতে কাঠ ও বাঁশ দিয়ে সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে। যেন দেখারও কেউ নেই।অভিযোগের সুরে কথাগুলো বলছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের কয়েকজন বাসিন্দা। ইউনিয়নের ইসলামপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের প্রায় ২০০ গজ দূরে ঘাঘট নদের দক্ষিণ দিকে একটি যন্ত্র বসিয়ে দেদার বালু উত্তোলন করা হচ্ছে। সেই সঙ্গে নদের আশপাশের সব জমি ভাঙনের শিকার হচ্ছে। অবৈধভাবে এই বালু উত্তোলনকারী হলেন রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম।ভাঙনের শিকার এসব জমির মালিকেরা উপায় না পেয়ে যাঁরা মাটি ও বালুর ব্যবসা করছেন তাঁদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। এসব বালু ও মাটি ট্রাক লাগিয়ে বালু ব্যবসায়ী ব্যবসা করছেন। ঘাঘট নদের পাড় ঘেঁষে যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এ এলাকাটি হলো রংপুর সদর উপজেলার আওতাধীন। আর ভাঙনের শিকার আবাদি জমির এলাকা হলো মিঠাপুকুর উপজেলায়।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, যন্ত্র বসিয়ে যেন বালু তোলার ধুম পড়েছে। নদের মধ্যে আড়াআড়ি করে গাছের গুঁড়ি ও বাঁশ পুঁতে ট্রাক চলাচলের জন্য একটি সড়ক নির্মাণ করছেন। আমিনুল ইসলাম এর আগে নদের অন্য এক স্থানে এভাবে বালু উত্তোলন করেছেন। সেখানে প্রায় ১৫ দিন বালু তুলে স্থান পরিবর্তন করেছেন। এভাবে বালু উত্তোলনের কারণে এলাকার আশপাশের আবাদি জমি ভাঙনের কবলে পড়েছে। ইতিমধ্যে অনেকের জমি নদীগর্ভে বিলীন হয়েছে।কৃষক জাবিদ হোসেনের তিন একর জমির মধ্যে কিছু জমি বিলীন হয়েছে। তিনি বলেন, ‘কত আর অভিযোগ করি বাহে। উপজেলা অফিসোত অভিযোগ করতে করতে নাজেহাল হয়া গেছি।’ কৃষক আবদুর রহিম আক্ষেপ করে বলেন, ‘হামার কথা কায়ও শোনে না। যেভাবে বালু তোলা হইতোছে তাতে করি এই মাটি আর মনে হয় টেকে না।’ একই অভিযোগ করেন কৃষক আবদুর রউফ, আবদুল মজিদ, মোস্তাফিজার রহমানসহ আরও অনেকে।এভাবে বালু তুলে কারও কোনো ক্ষতি হচ্ছে না দাবি করেন আমিনুল ইসলাম। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, এ ব্যাপারে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। এতে করে বালু ব্যবসায়ীর দাপট আরও বেড়ে যায়। গ্রামবাসীরা অসহায় হয়ে পড়েছে।রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি জানা নেই। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, যারা এ ধরনের অবৈধ কাজ করতে পারে তারা দলকে ব্যবহার করার চেষ্টা করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এসব অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।