অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কাছে জিম্মি ইন্টারনেট সেবা: কোয়াব
অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কাছে ইন্টারনেট সেবা জিম্মি হয়ে গেছে বলে দাবি করেছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করে।
সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি এস এম জুলফিকার হায়দার বলেন, অবৈধ ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এলাকা দখল করে এককভাবে ব্যবসা নিয়ন্ত্রণের কারণে ইন্টারনেট সেবা ও এর গ্রাহকেরা জিম্মি হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় ইন্টারনেটের কেব্ল কাটা, যন্ত্রপাতিসহ বক্স খুলে নেওয়া, ইন্টারনেট সংযোগ দিতে বাধা দেওয়া, নেটওয়ার্ক কর্মীদের শারীরিক অত্যাচার এখন নিয়মিত ঘটনা। এর ফলে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে।
কোয়াবের সভাপতি বলেন, এরই মধ্যে রাজধানীর ফরিদাবাদ, শ্যামপুর, খিলক্ষেত, আজিমপুর, গাবতলী, দারুস সালাম, যাত্রাবাড়ীসহ প্রতিদিনই নতুন নতুন এলাকায় বৈধ ব্যবসায়ীরা সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন।