অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগে এনজিওর পরিচালক জেলে
অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর উন্নয়ন সংস্থার (টিইউএস) পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বেসরকারি সংস্থাটির (এনজিও) পরিচালক আখলাক হোসেন গত সোমবার কাউনিয়া আমলি আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়, টেপামধুপুর ইউনিয়নের আখলাক হোসেন ও তাঁর দুই সহযোগী নাজির হোসেন ও আমজাদ হোসেন ২০০১ সালে টিইউএসের কার্যক্রম শুরু করেন। গ্রামের দুস্থ ও গরিব মানুষকে বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে ৫০০ টাকা ফি নিয়ে সদস্য করেন তাঁরা। শুরুতে এই সংস্থার নিবন্ধন না থাকলেও ২০০৫ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া হয়। সংস্থাটি গ্রামের লোকদের কাছ থেকে ১০ বছর মেয়াদি মাসিক ১০০, ২০০, ৩০০, ৫০০ ও এক হাজার টাকা টাকা জমা নিত। গ্রাহকদের বলা হতো, এসব টাকা ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। মেয়াদ শেষে তাঁদের জমা করা টাকার চার গুণ ফেরত দেওয়া হবে। এভাবে ২৭৫ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর গ্রাহকদের পক্ষে আবদুস ছালাম নামে এক ব্যক্তি কাউনিয়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের জন্য কাউনিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। মামলার বাদী আবদুস ছালাম বলেন, ‘গ্রামের গরিব মানুষ অনেক কষ্ট করে এই টাকা আমানত রেখেছেন। কিন্তু তারা এখন প্রতারণা করছে।’ টেপামধুপুর ইউনিয়নের রাজীব, হরিচর, গনাই, বিশ্বনাথ, বিনোদনজির গ্রামসহ আরও কয়েকটি গ্রামের অনেক আমানতকারীর সঙ্গে কথা হয়েছে। তাঁদের মধ্যে মোর্শেদা বেগম বলেন, ‘আমরা সরল মনে লাভের জন্য প্রতি মাসে ১০০ টাকা জমা করছি। এলা হামাক টাকা দেয় না। তাই টাকা পাওয়ার জন্যে হামার পক্ষে একজন মামলা করছে।’বারো হাজার টাকা জমা করেছিলেন নূরহাজান বেগম। তিনি বলেন, ‘কত কষ্ট করিয়া টাকা জমা করছি। এলা সমিতির লোকজন পালে পালে বেড়ায়।’ মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। যাঁরা আমানত রেখেছেন তাঁদের অনেকের ১০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু টাকা দিতে ওই সংস্থার প্রধান আখলাক ও তাঁর দুই সহযোগী গড়িমসি করছিলেন। এরপর লোকজন ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করে। আখলাকের দুই সহযোগী পলাতক রয়েছে।সমাজসেবা অধিদপ্তর, রংপুরের উপপরিচালক হারুন-অর-রশিদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এই নামে একটি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। তবে তারা যে ব্যাংকিং কার্যক্রম চালাত তা জানা ছিল না। তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।