অবৈধ ব্যানার-সাইনবোর্ডের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানার, সাইনবোর্ড ও নিয়ন সাইনে ছেয়ে গেছে ময়মনসিংহ শহর। পৌরকর ফাঁকি দিয়ে শহরের যত্রতত্র এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন-সাইনবোর্ড ও নিয়ন সাইন রাস্তার দুই পাশে, ওপরে ও বিদ্যুতের খুঁটিতে টানানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের লাগানো চটকদার এসব বিজ্ঞাপন শহরের সৌন্দর্যহানি ঘটাচ্ছে বলে বিশিষ্টজনেরা মন্তব্য করেছেন। কিছু কিছু প্রতিষ্ঠান মাসের পর মাস শহরের প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ করে রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোচিং সেন্টার ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সংখ্যাই বেশি। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠান পৌরসভার বাধ্যতামূলক নিবন্ধনেও তেমন সাড়া দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব অপসারণে পৌর কর্তৃপক্ষ মাঝেমধ্যে অভিযান চালায়।’ তিনি অভিযোগ করেন, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিলে কেউ এসব টানানোর সাহস পেত না। কর্তৃপক্ষের উদাসীনতা ও অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ না থাকলে মাসের পর মাস এসব প্রতিষ্ঠান তোরণ ও শত শত ব্যানার টানিয়ে শহরকে এমন কুৎসিত রূপ দিতে পারত না। আর পৌরসভাও লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হতো না। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, কাগজপত্রে বর্তমানে পৌরসভায় ১৭ হাজার ট্রেড লাইসেন্স রয়েছে। কিন্তু বাস্তবে ২২ হাজারের মতো ব্যবসায়ীপ্রতিষ্ঠান রয়েছে। গত অর্থবছর ট্রেড লাইসেন্স থেকে পৌরসভা ৫০ লাখ টাকা আয় করেছে। ট্রেড লাইসেন্স করার সময় ব্যবসাপ্রতিষ্ঠানকে সাইনবোর্ড টানানোর টাকাও জমা দিতে হয়। পৌর আইনে বাতিসহ নিয়ন সাইনের ক্ষেত্রে প্রতি বর্গফুটে বছরে ৭০ টাকা, বাতি ছাড়া প্রতি বর্গফুট ৫০ টাকা, দেয়াল লিখন, সাইনবোর্ড, তোরণ, ফেস্টুন ও পোস্টারের জন্য প্রতি বর্গফুটে ২০ টাকা করে রাজস্ব আদায়ের নিয়ম রয়েছে। আর এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে টানাতে হবে। সম্প্রতি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দেখা যায়, সর্বত্রই বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার আর ফেস্টুনের ছড়াছড়ি। শহরের রামবাবু সড়কে মাসের পর মাস ধরে দাঁড়িয়ে আছে তিনটি তোরণ। এসব তোরণে বিভিন্ন সময়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সাঁটা হয়। চরপাড়া মোড়ে রয়েছে তিনটি তোরণ। পলিটেকনিক কলেজের সামনে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিশাল তোরণ কয়েক মাস ধরে দাঁড়িয়ে আছে। এসব তোরণ রাস্তাগুলোকে সংকীর্ণ করে দিয়েছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এত বেশি কোচিং সেন্টারের ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে, এসবের ভিড়ে মূল প্রতিষ্ঠানের সাইনবোর্ডটিই আড়ালে পড়তে চলেছে। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোর্শেদ আহাম্মেদ জানান, শহরে দুই শতাধিক প্রতিষ্ঠান, ক্লিনিক ও কোচিং সেন্টার পৌরসভার অনুমতি না নিয়েই দিনের পর দিন যত্রতত্র ব্যানার এবং সাইনবোর্ড টানিয়ে আসছে। গত বছর আমরা ব্যানার ও সাইনবোর্ড অপসারণ অভিযান চালিয়েছিলাম। অপসারণের পর দিনই আবার তারা নতুন করে টানিয়ে দেয়। তিনি বলেন, ‘আমরা শহরের উল্লেখযোগ্য ৩৫টি কোচিং সেন্টার ও ৭২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে গত বছরের ২ ডিসেম্বর কারণ দর্শাও নোটিশ দেই। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। কিন্তু কেউ জবাব দেয়নি। এমনকি তিন দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি কোচিং সেন্টারের পরিচালক বলেন, ‘ব্যানার ও পোস্টার টানাতে অনুমতি নিতে হবে বিষয়টি পৌর কর্তৃপক্ষ আমাদের আগে জানায়নি। আর সবাই টানায় বলে আমরাও টানাই।’ ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু মমতাজ সাদ উদ্দিন জানান, বিগত সময়ে ট্রেড লাইসেন্স সরবরাহে কিছু অসাধু কর্মচারীর কারণে প্রথম শ্রেণীর এ পৌরসভা লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তখন ৯০ ভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ট্রেড লাইসেন্স ফির সঙ্গে প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নিয়ন সাইনের ফি আদায় করা হতো না। তিনি বলেন, ‘আগামী মাস থেকে অননুমোদিত সব সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার অপসারণ অভিযান শুরু করা হবে।’