অবৈধ ভাটার মালিকেরাই এখন পরিবেশসচেতন!
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে যাঁরা ড্রাম চিমনি ব্যবহার করছেন, তাঁরাই এবার পরিবেশেসচেতন হয়ে উঠেছেন। ‘কৃষি বাঁচাও, পরিবেশ বাঁচাও’—এই স্লোগান নিয়ে কৃষিজমিতে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে নিজ নিজ ভাটার শ্রমিকদের নিয়ে গতকাল বুধবার মানববন্ধন করেছেন তাঁরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।মানববন্ধনে অংশ নেওয়া ড্রাম চিমনি ব্যবহারকারী ইটভাটা হরিপুরের এনআইবি ব্রিকসের শ্রমিক ইমরান আলী বলেন, ‘ভাটা বন্ধ হয়ে গেইলে তোমরা কী খাবেন—এ কথা কহে মালিক মিছিলে নিয়ে আসিছে। হামার সাথত রানীশংকৈলের আরও ভাটার লোকজন আসিছে।’ সদর উপজেলার নারগুনের ইটভাটা এইচবিএস ব্রিকসের শ্রমিক আবদুল মান্নান বলেন, ‘ভাটা বন্ধ হয়ে গেইলে হামরা কী খামু? সেতানে মালিকের কথায় মিছিলে আসছু।’ এইচবিএস ব্রিকসের মালিক হেজাবউদ্দিন ২০ বছর ধরে ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়াচ্ছেন।এ ছাড়া সদর উপজেলার বাহাদুরপাড়ার এফএএস ব্রিকসের মালিক সাদেকুল ইসলাম, নারগুন গ্রামের এমবিএম ব্রিকসের মালিক মানিক সরকার ও চিটাগাং ব্রিকসের মালিক মো. আজমগীর, রানীশংকৈল উপজেলার গোগড় গ্রামের আরকেবি ব্রিকসের মালিক মো. রাজু, ডাঙ্গিপাড়া গ্রামের মো. নবীসহ অনেক ভাটার মালিক তাঁদের শ্রমিকদের দিয়ে মানববন্ধন করিয়েছেন।সাদেকুল ইসলাম বলেন, ‘আগে আমরা পরিবেশ নিয়ে সচেতন ছিলাম না। এখন জানতে পেরেছি, ভাটা কৃষিজমি নষ্ট করে দেয়। তাই ভাটা বন্ধের আন্দোলন করছি।’জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, অবৈধ ভাটার মালিকেরা ভাটায় ইট পোড়াতে না পেরে তাঁদের শ্রমিক দিয়ে এই আন্দোলন করছেন। সমিতিভুক্ত ৪৭টি ভাটায় স্থায়ী চিমনি ও জিগজ্যাগ প্রযুক্তিতে ইট পোড়ানো হচ্ছে এবং তাদের পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র রয়েছে। এসব ভাটার মালিকেরা নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে আসছেন।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর গত মে মাসে ‘সনাতনী ইটভাটা বন্ধের চূড়ান্ত গণবিজ্ঞপ্তি’ জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, সনাতনী ইটভাটাগুলো চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ভাটায় রূপান্তর করতে হবে। অনুমোদন ছাড়া ও ড্রাম চিমনির মাধ্যমে ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।এই গণবিজ্ঞপ্তি পেয়ে গত ১৬ আগস্ট জেলা প্রশাসন জেলার সব কটি ইটভাটার মালিককে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে হালনাগাদ ছাড়পত্র ও অনুমোদন নেওয়ার জন্য চিঠি দেয়। অনুমতির পর জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে ভাটায় আগুন দেওয়ার কথা বলা হয়েছে। পরে গত ১৬ সেপ্টেম্বর আরেক চিঠিতে কোনোভাবেই যেন ড্রাম চিমনির ইটভাটা স্থাপন করা না হয়, সে বিষয় নিশ্চিত করতে ভূমি সহকারী কর্মকর্তা ও ইউপির চেয়ারম্যানদের নির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় তদার করতে জেলা প্রশাসক সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পরামর্শ দেন।জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘গতকাল ইটভাটা বন্ধের দাবিসংবলিত স্মারকলিপি পেয়েছি। জেলার ইটভাটাগুলো কঠোর নজরদারিতে রয়েছে। অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’