অবৈধ ভিওআইপি কল ও রাজস্ব ফাঁকি বন্ধে নির্দেশনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বৈদেশিক টেলিফোন কল আদান-প্রদানের (ভিওআইপি) অভিযোগ তদন্তে গঠিত কমিটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। তাতে সংশ্লিষ্টতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হলেও সুস্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।প্রতিবেদনে কমিটি অভিযোগ করেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও সরকারি মুঠোফোন টেলিটকের কাছ থেকে এই তদন্তে কোনো সহায়তা পাওয়া যায়নি। এ ছাড়া কমিটিতে বিশেষজ্ঞ প্রকৌশলী যুক্ত করার কথা থাকলেও লোকবলের অভাবে তা করা যায়নি।গত বছরের ১ ডিসেম্বর গঠিত তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু প্রতিবেদন জমা দিতে কমিটি কয়েক দফা সময় বাড়িয়ে প্রায় তিন মাস শেষে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে কিছু সুপারিশ ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। কমিটির আহ্বায়ক বিটিআরসির কমিশনার এ টি এম মনিরুল আলম বলেন, নিয়মিত কাজের মধ্যেই কমিটির সদস্যরা তদন্ত করেছেন বলে কিছুটা দেরি হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন তথ্য চেয়ে বিটিসিএল ও টেলিটককে চিঠি দেওয়া হলেও চাহিদামতো প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) ও ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) হিসেবে ব্যবহূত সুইচ/গেটওয়ের সঙ্গে বিলিং প্ল্যাটফর্ম না থাকায় সঠিকভাবে কলের পরিমাণ ও বিল বিশ্লেষণ করা সম্ভব হয়নি। আর রুট লিস্ট এবং বিলিংয়ের তথ্য না থাকায় পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি।